জবি প্রতিনিধি:
শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ক্যাম্পাসের প্রধান ফটক সংলগ্ন এলাকায় ব্যানার টানিয়েছে শাখা ছাত্রলীগ।
শুক্রবার (১৪ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়ের ৩ নম্বর গেটের পাশে ফুটওভারব্রিজ সংলগ্ন বিশ্বজিৎ চত্বর এলাকায় এই ব্যানার টানানো হয়। ব্যানার টানানোর সময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আশিক-ই-আতাহার মেসবাহ ও যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদি হাসানসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় জবি ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আশিক-ই-আতাহার মেসবাহ বলেন, “১৫ আগস্ট বাঙালি জাতির ইতিহাসে এক গভীর শোকের দিন। এই দিন আমাদের মনে করিয়ে দেয়, ইতিহাস কখনো ভুলে যাওয়ার বিষয় নয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাঁর সহধর্মিণী শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ পরিবারের সদস্যদের নির্মম হত্যাকাণ্ড বাংলাদেশের ইতিহাসে গভীরতম ক্ষত হয়ে আছে।
তিনি আরও বলেন, “আজকের এই শোকের দিনে আমাদের অঙ্গীকার হোক—শোককে শক্তিতে রূপান্তরিত করা, ইতিহাস থেকে শিক্ষা নেওয়া এবং গণতন্ত্র, মানবিকতা ও আইনের শাসনের প্রতি আস্থা আরও দৃঢ় করা। শোক আমাদের থামিয়ে দেবে না, শোক আমাদের জাগাবে।
একই সময়ে জবি ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদি হাসান বলেন, “১৫ আগস্ট আমাদের রাজনীতির ক্যালেন্ডারে শুধু একটি শোকের দিন নয়; এটি ক্ষমতা, ষড়যন্ত্র ও ইতিহাসের নির্মম বাস্তবতার একটি সতর্কবার্তা। বঙ্গবন্ধুকে হত্যা করে তাঁর আদর্শকে থামিয়ে দেওয়া যায়নি। কারণ আদর্শ কোনো ব্যক্তির জীবনে সীমাবদ্ধ থাকে না, তা প্রজন্মের চেতনায় বেঁচে থাকে।”
তিনি আরও যোগ করেন, “আজকের প্রজন্মের দায়িত্ব শুধু অতীতের স্মরণ নয়; রাজনৈতিক দর্শন, মুক্তিযুদ্ধের চেতনা ও মানুষের অধিকারকে সামনে রেখে ভবিষ্যতের বাংলাদেশ নির্মাণের সংগ্রামকে এগিয়ে নেওয়া।
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সংলগ্ন এলাকায় ছাত্র সংগঠনের কর্মসূচি ও ব্যানার টানানোর বিষয়ে মন্তব্য জানতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. আজম খানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
