Shopping cart

  • Home
  • তথ্য-প্রযুক্তি
  • বিশ্ববাজারের চ্যালেঞ্জ মোকাবিলায় এআই দক্ষতার বিকল্প নেই: জবির মার্কেটিং বিভাগ।

বিশ্ববাজারের চ্যালেঞ্জ মোকাবিলায় এআই দক্ষতার বিকল্প নেই: জবির মার্কেটিং বিভাগ।

জুলাই ৫, ২০২৬

বিশ্ববাজারের পরিবর্তিত বাস্তবতায় প্রতিযোগিতায় টিকে থাকতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), প্রযুক্তিগত দক্ষতা এবং শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে একাডেমিয়ার কার্যকর সংযোগের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বক্তারা।

বিশ্ববাজারের পরিবর্তিত বাস্তবতায় প্রতিযোগিতায় টিকে থাকতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), প্রযুক্তিগত দক্ষতা এবং শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে একাডেমিয়ার কার্যকর সংযোগের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বক্তারা।

জবি প্রতিনিধি :

বিশ্ববাজারের পরিবর্তিত বাস্তবতায় প্রতিযোগিতায় টিকে থাকতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), প্রযুক্তিগত দক্ষতা এবং শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে একাডেমিয়ার কার্যকর সংযোগের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বক্তারা।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) মার্কেটিং বিভাগের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তারা এ কথা বলেন।

রোববার (৫ জুলাই) বিশ্ববিদ্যালয়ের সেমিনার রুমে মার্কেটিং বিভাগ আয়োজিত দিনব্যাপী এ অনুষ্ঠানে মার্কেটিং শিক্ষায় উদ্ভাবন, এআই, ইন্ডাস্ট্রি ৪.০, গবেষণা, শিল্প-একাডেমিয়া সহযোগিতা এবং শিক্ষার্থীদের ক্যারিয়ার প্রস্তুতির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

অনুষ্ঠানের প্রথম দিনের একাডেমিক সেশনে ‘মার্কেটিংয়ে শ্রেষ্ঠত্ব: বিপণনে একাডেমিক গবেষণা ও অনুশীলন’ এবং ‘ইন্ডাস্ট্রি ৪.০-এর অধীনে মার্কেটিং’ শীর্ষক দুটি আলোচনা অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে শুধু একাডেমিক ডিগ্রি অর্জন করলেই হবে না; প্রযুক্তিনির্ভর দক্ষতা, ভোক্তা আচরণ সম্পর্কে গভীর ধারণা, ব্যক্তিগত ব্র্যান্ডিং এবং বাস্তবমুখী অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে শিক্ষার্থীদের নিজেদের প্রস্তুত করতে হবে।

আলোচনা পর্বে অংশ নেন মার্কেটিং বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ডেনমার্কের অ্যালবর্গ ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ড. বখতিয়ার রানা, পঞ্চব্রীহি ধানের উদ্ভাবক ও কৃষাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ড. আবেদ চৌধুরী, পূবালী ব্যাংক পিএলসি-এর জেনারেল ম্যানেজার রফিকুল ইসলাম, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মামদুদুর রশিদ, মেটলাইফের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আলাউদ্দিন, বিডিজবস-এর হেড অব প্রোগ্রাম মো. আলী ফিরোজসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্পোরেট ব্যক্তিত্ব।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম এবং সঞ্চালনা করেন অধ্যাপক ড. মাহমুদুল হাসান ফৈজী।

মার্কেটিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ইমরানুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন এবং বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আলী নূর।
বিশেষ অতিথির বক্তব্যে ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন মার্কেটিং বিভাগকে বিশ্ববিদ্যালয়ের অন্যতম গৌরবোজ্জ্বল বিভাগ হিসেবে উল্লেখ করেন। তিনি বিভাগের একাডেমিক মানোন্নয়ন, অভিজ্ঞ শিক্ষকমণ্ডলীর নেতৃত্ব এবং শিক্ষার্থীদের সাফল্যের প্রশংসা করেন।

প্রধান অতিথির বক্তব্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের জন্য বাস্তব অভিজ্ঞতা অর্জনের গুরুত্বপূর্ণ সুযোগ সৃষ্টি করে। তিনি কর্পোরেট প্রতিনিধিদের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে শিক্ষার্থীদের নিজেদের দক্ষতা বৃদ্ধি ও ভবিষ্যৎ ক্যারিয়ার পরিকল্পনা সুদৃঢ় করার আহ্বান জানান। পাশাপাশি পরিবর্তিত বৈশ্বিক বাস্তবতায় উদ্ভাবনী চিন্তা, প্রযুক্তিনির্ভর শিক্ষা এবং দক্ষ মানবসম্পদ গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

উল্লেখ্য, প্রতিষ্ঠাবার্ষিকীর দ্বিতীয় দিনের কর্মসূচি আগামী ১০ জুলাই অনুষ্ঠিত হবে। এদিন বর্ণাঢ্য র‌্যালি, উদ্বোধনী অনুষ্ঠান, বিভিন্ন প্রতিযোগিতা, সাংস্কৃতিক পরিবেশনা এবং অ্যালামনাই, বর্তমান শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *