জবি প্রতিনিধি: নতুন শিক্ষাবর্ষে নবীন শিক্ষার্থীদের আগমনকে কেন্দ্র করে র্যাগিংমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল সচেতনতামূলক কর্মসূচি পালন করেছে। কর্মসূচিতে নেতৃত্ব দেন শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সুমন সরদার।
রোববার (১০ মে) সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের কলা ভবন, বিজ্ঞান অনুষদ, ব্যবসায় শিক্ষা অনুষদসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে র্যাগিংবিরোধী পোস্টার টাঙানো ও প্রচারণা চালাতে দেখা যায় সংগঠনটির নেতাকর্মীদের। এ সময় নবীন শিক্ষার্থীদের যেকোনো ধরনের র্যাগিং বা মানসিক হয়রানির শিকার হলে প্রশাসন ও দায়িত্বশীলদের জানানোর আহ্বান জানানো হয়।
কর্মসূচিতে সুমন সরদার বলেন, বিশ্ববিদ্যালয় হলো জ্ঞানচর্চা ও মানবিক মূল্যবোধ গঠনের স্থান। এখানে র্যাগিংয়ের মতো নেতিবাচক সংস্কৃতির কোনো জায়গা নেই। নবীন শিক্ষার্থীরা যেন নিরাপদ ও স্বাভাবিক পরিবেশে তাদের শিক্ষাজীবন শুরু করতে পারে, সেটিই আমাদের মূল লক্ষ্য।
তিনি আরও বলেন, কেউ যদি র্যাগিং বা মানসিক হয়রানির সঙ্গে জড়িত থাকে, তাহলে তাদের বিরুদ্ধে প্রশাসনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হবে। আমরা চাই জগন্নাথ বিশ্ববিদ্যালয় একটি সম্পূর্ণ র্যাগিংমুক্ত ও শিক্ষাবান্ধব ক্যাম্পাস হিসেবে গড়ে উঠুক।



