শেখ জাহান রনি, সংযুক্ত আরব আমিরাত (দুবাই) প্রতিনিধি: সংযুক্ত আরব আমিরাতে ব্যবসা-বাণিজ্যের প্রতিটি খাতে এখন বাংলাদেশিদের জয়গান। এক সময় গ্রোসারি বা কার্গো ব্যবসায় সীমাবদ্ধ থাকলেও, বর্তমানে ভিনদেশি বড় বড় বিনিয়োগকারীদের সাথে পাল্লা দিয়ে রিয়েল এস্টেট ও ব্রোকার ব্যবসায় অভাবনীয় সাফল্য অর্জন করছেন বাংলাদেশি প্রবাসীরা। এরই ধারাবাহিকতায়, দুবাইয়ের অন্যতম শীর্ষ ডেভেলপার কোম্পানি ‘আজিজি ডেভেলপমেন্টস’ থেকে সম্মানজনক পার্টনারশিপ অ্যাওয়ার্ড-২০২৬ অর্জন করে বিদেশের মাটিতে দেশের নাম উজ্জ্বল করেছেন বাংলাদেশি ব্যবসায়ী রিয়াজুল ইসলাম ফিহান।
মরুর দেশ আরব আমিরাতে রিয়েল এস্টেট খাতের পরিচিত নাম এখন বাংলাদেশি উদ্যোক্তারা। দুবাইয়ের প্রতিযোগিতামূলক বাজারে নিজেদের মেধা ও শ্রম দিয়ে শীর্ষস্থানে উঠে আসছেন তারা। সম্প্রতি দুবাইতে আয়োজিত ‘আজিজি পার্টনারশিপ অ্যাওয়ার্ডস ২০২৬’ অনুষ্ঠানে উচ্চ কর্মক্ষমতা ও বিক্রয় সাফল্যের জন্য বেশ কিছু শীর্ষস্থানীয় ব্রোকার ও পার্টনারকে সম্মানিত করা হয়।
এই মর্যাদাপূর্ণ আসরে বিশেষভাবে নজর কেড়েছে বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান ‘ডেজার্ট রাইজ রিয়েল এস্টেট’। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা রিয়াজুল ইসলাম ফিহান আজিজি চ্যানেল থেকে এই বিশেষ সম্মাননা গ্রহণ করেন।
রিয়াজুল ইসলাম ফিহান বলেন,এই পুরস্কার দুবাইয়ের মতো প্রতিযোগিতামূলক বাজারে আমাদের কাজের ধারাবাহিকতা, গ্রাহকের আস্থা এবং শীর্ষ স্তরের বিক্রয় সাফল্যেরই প্রতিফলন। আমরা চাই রিয়েল এস্টেট খাতের বড় একটি অংশ বাংলাদেশিদের দখলে থাকুক।
মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক উত্তেজনা নিয়ে বিশ্বজুড়ে নানা শঙ্কা থাকলেও এর খুব একটা প্রভাব পড়েনি আমিরাতের বাজারে। ব্যবসায়ীরা বলছেন, পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হওয়ার পাশাপাশি রিয়েল এস্টেট সেক্টর আগের চেয়েও শক্তিশালী হয়ে ঘুরে দাঁড়িয়েছে।

