আহমদ বিলাল খান: ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) রাঙামাটি জেলা শাখার নবগঠিত কমিটির নেতৃবৃন্দ মানবিক কার্যক্রম আরও জোরদার করার লক্ষ্যে রাঙামাটি সদর জোন কমান্ডার মো: একরামুল রাহাত, পিএসসি এবং রাঙামাটি জেলা পরিষদ-এর সদস্য মো: হাবিব আজমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন।
সোমবার (২ মার্চ) দুপুরে নেতৃবৃন্দ সাক্ষাৎকালে ভিবিডির চলমান মানবসেবামূলক কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়। অতিথিবৃন্দ নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, স্বেচ্ছাসেবী সংগঠনগুলো সমাজের সংকটময় সময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাঁরা সংগঠনের কার্যক্রমকে আরও সুশৃঙ্খল, স্বচ্ছ ও জবাবদিহিমূলকভাবে পরিচালনার পরামর্শ দেন।
এ সময় রক্তদান কর্মসূচি, দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা, প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ বিতরণ এবং সামাজিক সচেতনতামূলক কার্যক্রম আরও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি মানবিক উদ্যোগ বাস্তবায়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও প্রশাসনিক সহযোগিতার আশ্বাস দেন অতিথিরা।
ভিবিডি সূত্রে জানা গেছে, সংগঠনটি দীর্ঘদিন ধরে রাঙামাটিতে বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। নবগঠিত কমিটি এসব কার্যক্রমকে আরও গতিশীল ও ফলপ্রসূ করার প্রত্যয় ব্যক্ত করেছে।
সংগঠনের সভাপতি দীপ্ত বড়ুয়া বলেন, রাঙামাটির অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য। সকলের সহযোগিতা পেলে মানবিক উদ্যোগ আরও বিস্তৃত করা সম্ভব হবে।
সৌজন্য সাক্ষাৎ শেষে ভিবিডি রাঙামাটি জেলা শাখা অতিথিদের সময়, আন্তরিকতা ও মূল্যবান দিকনির্দেশনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে। সংশ্লিষ্টরা মনে করছেন, প্রশাসন ও স্বেচ্ছাসেবীদের সমন্বিত প্রচেষ্টায় রাঙামাটিতে মানবিক কার্যক্রম নতুন মাত্রা পাবে।



