পাপলু মিয়া ছাতক উপজেলা প্রতিনিধ: পবিত্র মাহে রমজানের শিক্ষা ও আদর্শ সমাজে ছড়িয়ে দেওয়ার প্রত্যয় নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী ছাতক উপজেলা শাখার উদ্যোগে ‘মাহে রমজানের তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১ মার্চ) বিকাল ৫ ঘটিকায় ছাতকের জয়েন্ট কমিউনিটি সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সাংবাদিক সহ স্থানীয় সুধীজন এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক মোঃ আবদুল্লাহ। তিনি তার বক্তব্যে বলেন, “রমজান মাস কেবল উপবাসের মাস নয়, বরং এটি আত্মশুদ্ধি ও মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যমে নিজেকে মুত্তাকী হিসেবে গড়ে তোলার মাস। সমাজের সকল অন্যায় ও শোষণমুক্ত একটি ইনসাফপূর্ণ সমাজ বিনির্মাণে রমজানের শিক্ষা আমাদের সবচেয়ে বড় পাথেয়।” তিনি বর্তমান কঠিন সময়ে পারস্পরিক ভ্রাতৃত্ব ও ত্যাগের মনোভাব নিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য সকলের প্রতি আহ্বান জানান।
ছাতক উপজেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ মাওলানা আকবর আলীর সভাপতিত্বে এবং সেক্রেটারি প্রিন্সিপাল হাফিজ জাকির হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সুনামগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আব্দুস সালাম আল মাদানী।
জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য এডভোকেট রেজাউল করিম তালুকদার,সুনামগঞ্জ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি শাহ আলম।
বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সহ-সভাপতি মাওলানা রমিজ উদ্দিন,ছাতক পৌর জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার নোমান আহমদ,ছাতক উপজেলা জাতীয় নাগরিক পার্টি (এমসিপি) আহ্বায়ক সাইদুল ইসলাম,উপজেলা জামায়াতের নায়েবে আমির কাজী সৈয়দ মুনসুর আহমদ।
এছাড়াও উপস্থিত ছিলেন ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট সুফি আলম সোহেল, বাংলাদেশ খেলাফত মজলিস উপজেলা সভাপতি মাওলানা আব্দুল কাদির, উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা আলমাস উদ্দিন, উপজেলা জামায়াতে সহ সেক্রেটারি আব্দুল আউয়াল, মাওলানা মাখছুছুর রহমান এবং ইসলামী ছাত্রশিবির ছাতক উপজেলা সভাপতি আফজাল হোসেনসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন স্তরের দায়িত্বশীল নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন, রমজান আমাদের শৃঙ্খলার শিক্ষা দেয়। সেই শিক্ষা নিয়ে দেশের ক্রান্তিলগ্নে দেশপ্রেমিক জনতাকে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে। আলোচনা সভা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।



