সাজু আহমেদ: মণিরামপুরে গলায় ফাঁস দিয়ে রাবেয়া বেগম (৭৫) নামে এক বৃদ্ধার আত্মহত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার ঢাকুরিয়া ইউনিয়নের ভবানীপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত রাবেয়া বেগম ওই গ্রামের মৃত সাখাওয়াত হোসেনের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, বার্ধক্যজনিত কারণে তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন। বৃহস্পতিবার হঠাৎ তার পেটে প্রচণ্ড ব্যথা শুরু হয়। অসুস্থতার কারণে তিনি কিছুই খেতে পারেননি। ব্যথা সহ্য করতে না পেরে শুক্রবার সকালে বাড়িতে পরিবারের সদস্যরা না থাকার সুযোগে নিজ ঘরের বারান্দায় গলায় ফাঁস দেন। প্রায় বেলি ১১টার দিকে প্রতিবেশীরা বিষয়টি টের পেয়ে দ্রুত তাকে নিচে নামান এবং পরিবারের সদস্যদের খবর দেন।
খবর পেয়ে মণিরামপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। পুলিশ প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলে ধারণা করছে। মৃতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে লাশ দাফন-কাফনের অনুমতি দেওয়া হয়েছে।



