জবি প্রতিনিধি: জমকালো আয়োজনের মধ্য দিয়ে পর্দা নামলো জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ম্যানেজমেন্ট ক্লাবের ‘ক্যারিয়ার অ্যাফিক্স সিজন ৩.০’-এর। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে দিনব্যাপী সমাপনী মেগা ইভেন্টের মাধ্যমে আয়োজনটি সম্পন্ন হয়। এর আগে গত ১৪ মে থেকে ১৮ মে পর্যন্ত অনলাইন সেশনগুলো অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধিকে কেন্দ্র করে আয়োজিত এই উদ্যোগে অন্যতম আকর্ষণ ছিলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর হিউমার ট্যাবলেট-এর মাসফিক এনাম তূর্য। এছাড়াও বিভিন্ন কর্পোরেট পেশাজীবীরা বিভিন্ন গুরুত্বপূর্ণ সেশন পরিচালনা করেন।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা সিভি রাইটিং, কর্পোরেট জব প্রস্তুতি, উদ্যোক্তা মানসিকতা, প্রেজেন্টেশন ও পাবলিক স্পিকিং এবং নেক্সট-জেন এআই অ্যাপ্লিকেশন বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ গ্রহণ করেন। অফলাইন পর্বে ছিল ইন্ডাস্ট্রি প্রফেশনালদের সঙ্গে সরাসরি ইন্টারঅ্যাকশন, নেটওয়ার্কিং, প্রশ্নোত্তর পর্ব, গুডিজ ব্যাগ, রিফ্রেশমেন্ট ও সার্টিফিকেট বিতরণ।
আয়োজকরা জানান, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের ক্যারিয়ার সচেতনতা বৃদ্ধি এবং কর্পোরেট প্রস্তুতি গড়ে তুলতে দীর্ঘমেয়াদে ইতিবাচক ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ক্লাবের মডারেটর সহযোগী অধ্যাপক মো. রাশেদুল হক।
ক্লাবের সাধারণ সম্পাদক শান্ত চন্দ্র শীল বলেন, “ক্যারিয়ার অ্যাফিক্স জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে বলে আমরা আশা করি। প্রতিটি সেশনে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের ভবিষ্যতে আরও কার্যকর ক্যারিয়ারভিত্তিক আয়োজন করতে অনুপ্রাণিত করেছে। এই আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের আগ্রহের জব সেক্টর সম্পর্কে বাস্তবধর্মী ধারণা পেয়েছে, যা তাদের আরও আত্মবিশ্বাসী ও উদ্যমী করে তুলবে।”


