মাহফুজ কাউসার ছাদি: লিডিং ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) ডিপার্টমেন্টের ইতিহাসে এক গৌরবময় অধ্যায় সৃষ্টি করেছেন ড. মো. তাসফিকুজ্জামান। অষ্টম ব্যাচের এই কৃতী সন্তান ফিনল্যান্ডের University of Oulu থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করে বিভাগটির প্রথম পিএইচডি ধারীর মর্যাদা লাভ করেছেন।
তার গবেষণা বিষয়ের শিরোনাম ‘অ্যাডভান্সড সিনক্রোট্রন এক্স-রে বেসড ক্যারাক্টারাইজেশন অব হাইড্রেটেড ম্যাগনেসিয়াম কার্বনেটস কমপ্লিমেন্টেড বাই রামান স্পেকট্রোস্কপি’। এই অভিসন্দর্ভ আধুনিক বৈজ্ঞানিক গবেষণায় এক অসামান্য সংযোজন, যা নিষ্ঠা, অধ্যবসায় ও বুদ্ধিদীপ্ততার উজ্জ্বল নিদর্শন। ড. মো. তাসফিকুজ্জামানের এই কৃতিত্ব ইইই ডিপার্টমেন্ট ও পুরো লিডিং ইউনিভার্সিটি পরিবারের জন্য অপরিমেয় গর্ব ও সম্মান বয়ে এনেছে।
গত (৫ ই মে) ইইই বিভাগে এক সফরে ড. মো. তাসফিকুজ্জামান সৌজন্য সাক্ষাৎ করেন বিভাগের ভারপ্রাপ্ত প্রধান ও সহকারী অধ্যাপক মো. নিয়াজ মোরশেদুল হকের সঙ্গে। সে সময় তারা উষ্ণ শুভেচ্ছা বিনিময় করেন। ড. তাসফিকুজ্জামান বিভাগের শিক্ষক, জুনিয়র ও বর্তমান শিক্ষার্থীদের সঙ্গে নিজের গবেষণার নানা অভিজ্ঞতা ও অনুপ্রেরণাদায়ী পথচলার কথা ভাগ করে নেন। তার সাফল্যের গল্প উপস্থিত সবার মন জয় করে।
তবে ওই সফরের সময় লিডিং ইউনিভার্সিটির সম্মানিত ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ তাজ উদ্দিন ঢাকায় সরকারি দায়িত্বে থাকায় তার সঙ্গে ড. তাসফিকুজ্জামানের সরাসরি সাক্ষাৎ সম্ভব হয়নি। তবে বিভাগীয় প্রধান ভাইস চ্যান্সেলরের কাছে অভিসন্দর্ভটি তুলে ধরলে তিনি ড. মো. তাসফিকুজ্জামানকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানান এবং তার গবেষণা ও শিক্ষাজীবনের আরও অগ্রগতি কামনা করেন।
ইইই ডিপার্টমেন্ট মনে করে ড. তাসফিকুজ্জামানের এই অর্জন শুধু একটি মাইলফলক নয়, বরং লিডিং ইউনিভার্সিটির বর্তমান ও ভবিষ্যৎ শিক্ষার্থীদের জন্য এক অনন্য অনুপ্রেরণা। তার সাফল্য আন্তর্জাতিক অঙ্গনে বিশ্ববিদ্যালয়টির গবেষণার ক্রমবর্ধমান সম্ভাবনার এক জ্বলন্ত দৃষ্টান্ত।সবশেষে ইইই ডিপার্টমেন্টের পক্ষ থেকে ড. মো. তাসফিকুজ্জামানকে পুনরায় আন্তরিক অভিনন্দন জানানো হয় এবং তার আগামীর সব উদ্যোগে নিরন্তর সাফল্য, সমৃদ্ধি ও শ্রেষ্ঠত্ব কামনা করা হয়।



