Shopping cart

  • Home
  • শিক্ষাঙ্গন
  • জবি ম্যানেজমেন্ট ক্লাবের আয়োজনে চমক মাশফিক এনাম তূর্য

জবি ম্যানেজমেন্ট ক্লাবের আয়োজনে চমক মাশফিক এনাম তূর্য

মে ১১, ২০২৬

জবি ম্যানেজমেন্ট ক্লাবের আয়োজনে চমক মাশফিক এনাম তূর্য।

জবি ম্যানেজমেন্ট ক্লাবের আয়োজনে চমক মাশফিক এনাম তূর্য।

জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ম্যানেজমেন্ট ক্লাব দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দক্ষতা, নেতৃত্বগুণ ও কর্পোরেট সক্ষমতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বিভাগীয় শিক্ষার্থীদের অংশগ্রহণে পরিচালিত এ ক্লাবটি নিয়মিত সেমিনার, ওয়ার্কশপ, কর্পোরেট সেশন, বিজনেস কেস কম্পিটিশনসহ বিভিন্ন দক্ষতা উন্নয়নমূলক আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের বাস্তবমুখী জ্ঞান অর্জনের সুযোগ সৃষ্টি করে আসছে। একাডেমিক শিক্ষার পাশাপাশি বাস্তব অভিজ্ঞতা, টিমওয়ার্ক, পাবলিক স্পিকিং ও নেতৃত্ব বিকাশে ধারাবাহিকভাবে কার্যকর ভূমিকা রাখায় ক্লাবটি ইতোমধ্যে শিক্ষার্থীদের কাছে একটি পরিচিত, সক্রিয় ও আস্থার প্ল্যাটফর্ম হিসেবে নিজস্ব অবস্থান তৈরি করেছে।

ধারাবাহিক তৃতীয়বারের মতো আয়োজন করা হচ্ছে জনপ্রিয় স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম “Edu Mentor Presents Career Affix Season 3.0”। এই আয়োজনে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত অভিজ্ঞ পেশাজীবীরা সিভি রাইটিং, প্রেজেন্টেশন স্কিল, কর্পোরেট জার্নি, এআই টুলস, উদ্যোক্তা হওয়ার খুঁটিনাটি, পার্সোনাল ব্র্যান্ডিং ও কনটেন্ট স্ট্র্যাটেজি বিষয়ে সেশন পরিচালনা করবেন। এছাড়া আয়োজনে ভিন্ন ধারা যোগ করতে এবারের আসরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর মাসফিক এনাম তূর্য অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

আয়োজকরা জানিয়েছেন, এবারের ‘Career Affix Season 3.0’ প্রোগ্রামটি অনলাইন ও অফলাইন—উভয় মাধ্যমেই অনুষ্ঠিত হবে। ১৪ থেকে ১৮ মে অনলাইন সেশনের মাধ্যমে ক্লাস ও ফ্যাশন অনুষ্ঠিত হবে। এসব সেশনে অংশগ্রহণকারীরা ঘরে বসেই কর্পোরেট স্কিল, ক্যারিয়ার গাইডলাইন এবং বিশেষজ্ঞদের দিকনির্দেশনা গ্রহণের সুযোগ পাবেন। ১৯ মে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত অফলাইন মেগা ডে, যেখানে সকল অংশগ্রহণকারীর সরাসরি উপস্থিতিতে সার্টিফিকেট বিতরণ সম্পন্ন হবে।

আয়োজক সূত্রে জানা গেছে, এবারের আয়োজনের টেনটেটিভ স্পিকার লাইনআপে থাকছেন কর্পোরেট ও ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রির একাধিক পরিচিত মুখ, যারা অংশগ্রহণকারীদের বাস্তবধর্মী স্কিল, কর্পোরেট প্রস্তুতি এবং ক্যারিয়ার ডেভেলপমেন্ট বিষয়ে দিকনির্দেশনা দেবেন। প্রধান আকর্ষণ জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর মাসফিক এনাম তূর্য ছাড়াও টেনটেটিভ স্পিকার হিসেবে থাকছেন এইচআর এক্সিকিউটিভ, অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেডের মোঃ জামিল রওশন শীতল, এইচআর স্পেশালিস্ট, কোকা-কোলা সিসিআই বাংলাদেশের আবদুর রহমান সিফাত, তন্দুর বাই জার্মান বুচারের সিইও কামরুল হাসান, সাবেক ক্রিয়েটিভ লিড (১০ মিনিট স্কুল) ও বর্তমান ডিজাইন ডিরেক্টর আসিফ হোসাইন এবং বাংলালিংকের ম্যানেজার (কালচার অ্যান্ড এনগেজমেন্ট) সুনাইরা রহমান সুহা।

উক্ত ক্লাবের সিনিয়র ম্যানেজমেন্ট ট্রেইনি প্রলয় সাহা বলেন, “আমি ‘Career Affix Season 3’-এর মতো একটি গুরুত্বপূর্ণ প্রোগ্রামের অংশ হতে পেরে নিজেকে সত্যিই সৌভাগ্যবান মনে করছি। এখানে সিভি রাইটিং, AI ব্যবহার এবং স্টার্টআপ বিষয়ক সেশনগুলো থেকে বাস্তব দক্ষতা অর্জনের সুযোগ পাবো বলে আশা করছি। কর্পোরেট জগতে নিজেদের প্রস্তুতির বিষয়ে স্পষ্ট ধারণা পাওয়ার জন্য এই আয়োজনটি আমার জন্য অত্যন্ত উপকারী হবে। পাশাপাশি মেগা ডে’তে তূর্য ভাইকে সরাসরি দেখার সুযোগ পাওয়া আমার জন্য বড় অনুপ্রেরণা, যা আমাকে আরও শিখতে ও সামনে এগিয়ে যেতে উৎসাহিত করবে।”

একাউন্টিং ইনফরমেশন সিস্টেম বিভাগের ২০ তম আবর্তনের একজন শিক্ষার্থী বলেন, “আমি মনে করি ‘Career Affix 3.0’ আমাদের মতো শিক্ষার্থীদের জন্য একটি দারুণ শেখার প্ল্যাটফর্ম। ব্যক্তিগত ব্র্যান্ডিং, পাবলিক স্পিকিং, ডিজিটাল স্কিল এবং স্টার্টআপ নিয়ে যে সেশনগুলো থাকবে, সেগুলো থেকে আমি বাস্তব জ্ঞান অর্জন করতে চাই। অভিজ্ঞ মানুষদের কাছ থেকে সরাসরি শেখার সুযোগ পাওয়াটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। আমি এই ইভেন্ট থেকে নিজের দক্ষতা ও ক্যারিয়ার প্রস্তুতির জন্য প্রয়োজনীয় অনেক কিছু শিখতে চাই।”

সার্বিক আয়োজন ক্লাবের সাধারণ সম্পাদক শান্ত চন্দ্র শীল বলেন, “Career Affix শিক্ষার্থীদের কর্পোরেট জগৎ ও ব্যবসায়িক বাস্তবতা সম্পর্কে পরিষ্কার ধারণা এবং প্রয়োজনীয় দক্ষতা অর্জনে সহায়তা করবে। এখানে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা রিজিউম তৈরি, ইন্টারভিউ প্রস্তুতি ও কমিউনিকেশন স্কিল উন্নত করার পাশাপাশি ব্যবসা শুরু করার প্রাথমিক ধারণাও পাবে। বিভিন্ন ইন্ডাস্ট্রি এক্সপার্টদের অভিজ্ঞতা তাদের ক্যারিয়ার পরিকল্পনায় সঠিক দিকনির্দেশনা দেবে। আমি বিশ্বাস করি, এই আয়োজন শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়িয়ে ভবিষ্যৎ কর্মক্ষেত্রে আরও প্রস্তুত ও প্রতিযোগিতামূলক করে তুলবে।”

আয়োজকরা জানান, রেজিস্ট্রেশন কার্যক্রম আগামী ১১ মে ২০২৬ পর্যন্ত চলবে। নির্ধারিত সময়ের মধ্যেই আগ্রহী শিক্ষার্থীদের নাম নিবন্ধনের আহ্বানও জানান সংশ্লিষ্টরা। তবে অংশগ্রহণকারীদের আগ্রহ ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় শর্তসাপেক্ষে রেজিস্ট্রেশনের সময়সীমা আরো বাড়ানো হতে পারে বলেও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *