আহমদ বিলাল খান: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাঙামাটি-২৯৯ সংসদীয় আসনের প্রার্থীদের নিয়ে আয়োজিত জনগণের মুখোমুখি সভায় বক্তারা দৃঢ়ভাবে বলেছেন—নির্বাচনে যেই বিজয়ী হোন না কেন, দুর্নীতির বিরুদ্ধে সবাই একযোগে কাজ করবেন এবং পার্বত্য অঞ্চলের সার্বিক উন্নয়নে দল-মতের ঊর্ধ্বে উঠে সম্মিলিত উদ্যোগ গ্রহণ করবেন।
শনিবার সকাল ১০টায় রাঙামাটি পৌরসভা প্রাঙ্গণে “একটি রাষ্ট্রে নাগরিকের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো পদ নেই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুশাসনের জন্য নাগরিক (সুজন) রাঙামাটি জেলা কমিটির আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।
সুজন জেলা সভাপতি অ্যাডভোকেট দীননাথ তঞ্চঙ্গ্যার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় রাঙামাটি-২৯৯ আসনের প্রতিদ্বন্দ্বী ৭ জন প্রার্থীর মধ্যে ৪ জন অংশগ্রহণ করেন। উপস্থিত প্রার্থীরা হলেন বিএনপি মনোনীত দীপেন দেওয়ান, বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি মনোনীত জুঁই চাকমা, জাতীয় পার্টি মনোনীত অশোক তালুকদার এবং গণ অধিকার পরিষদ মনোনীত এম এ আবুল বাশার।
সভায় বক্তারা বলেন, পার্বত্য অঞ্চলের উন্নয়ন একটি সামষ্টিক দায়িত্ব। উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করতে হলে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে। জনগণের স্বার্থে নির্বাচিত জনপ্রতিনিধিদের পরস্পরের সঙ্গে সমন্বয় রেখে কাজ করার বিকল্প নেই।
বক্তারা আরও বলেন, নির্বাচনের পর রাজনৈতিক প্রতিযোগিতা শেষ হলেও উন্নয়ন ও জনকল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পার্বত্য অঞ্চলের শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও কর্মসংস্থান খাতে দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত করা জরুরি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সুজনের কেন্দ্রীয় সমন্বয়কারী দীলিপ কুমার সরকার, সুজন জেলা কমিটির সাধারণ সম্পাদক এম জি সান বখতিয়ার, সুজন পৌর কমিটির সম্পাদক খোরশেদ আলম খোকনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভা শেষে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সৎ, যোগ্য ও দুর্নীতিমুক্ত প্রার্থীকে ভোট প্রদানের লক্ষ্যে সুজনের পক্ষ থেকে উপস্থিত ভোটারদের শপথ বাক্য পাঠ করানো হয়।



