মাহফুজ কাউসার ছাদি: সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের লিডিং ইউনিভার্সিটি ইলেকট্রনিক্স ক্লাব এবং IEEE লিডিং ইউনিভার্সিটি স্টুডেন্ট ব্রাঞ্চের সহযোগিতায় গ্র্যান্ড কার্নিভাল ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। এবারের কার্নিভ্যালে Line Following Robot, Robo Soccer, Circuit Solving, Project Showcasing এবং Idea Presentation ইভেন্ট অন্তর্ভুক্ত ছিল। ইইই কার্নিভ্যাল ২০২৬ এ সিলেটের বিভিন্ন স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। বিশ্ববিদ্যালয়ের গ্যালারি-১ এ রবিবার (১ ফেব্রুয়ারি ২০২৬) বিকাল ৪টায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দানবীর ড. সৈয়দ রাগীব আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন।
শিক্ষার্থীদের মেধা বিকাশে বিজ্ঞানভিত্তিক প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ উল্লেখ করে দানবীর ড. সৈয়দ রাগীব আলী বলেন, মনকে প্রফুল্ল রাখতে এবং কর্মস্পৃহা বাড়াতে খেলাধুলাসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হলে পারস্পরিক যোগাযোগ ও সুসম্পর্ক তৈরি হয়। তিনি আরো বলেন, প্রাতিষ্ঠানিক ও সামাজিক উন্নয়নেও এ ধরনের প্রতিযোগিতা বিশেষ ভূমিকা রাখে। প্রতিযোগিতার আয়োজন করার জন্য তিনি ইইই বিভাগের লিডিং ইউনিভার্সিটি ইলেকট্রনিক্স ক্লাব এবং আইইই লিডিং ইউনিভার্সিটি স্টুডেন্ট ব্রাঞ্চকে ধন্যবাদ জানিয়ে বলেন, প্রতিযোগিতায় বিজয়ী কে হয়েছে সেটা বড় কথা নয়, শিক্ষার্থীদের অংশগ্রহণে যে উচ্ছাস-উদ্দীপনা তৈরি হয়েছে সেটাই গুরুত্বপূর্ণ। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদেরকে অভিনন্দন এবং অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানিয়ে সভাপতির বক্তব্যে লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন বলেন, দানবীর ড. সৈয়দ রাগীব আলী সবসময়ই খেলাধুলা, প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে আনন্দ পান এবং পৃষ্ঠপোষকতা করে থাকেন। সফল কার্নিভ্যাল আয়োজনের জন্য তিনি ইইই বিভাগকে বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করেন।
অনুষ্ঠানে আরো বক্তব্য প্রদান করেন লিডিং ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. বশির আহমেদ ভূঁইয়া, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মফিজুল ইসলাম, ইইই বিভাগের বিভাগীয় প্রধান মো. নিয়াজ মোর্শেদুল হক, সহকারি অধ্যাপক ও লিডিং ইউনিভার্সিটি ইলেকট্রনিক ক্লাবের উপদেষ্টা রফিকুল ইসলাম প্রমুখ। ইইই কার্নিভ্যাল ২০২৬ এর Line Following Robot প্রতিযোগিতায় প্রথম এবং দ্বিতীয় হয়েছেন সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের ক্রিস্টাল কিউব এবং ব্যাক স্ল্যাশ টীম, তৃতীয় হয়েছেন লিডিং ইউনিভার্সিটির রোব রুট টীম। Robo Soccer এ প্রথম হয়েছেন সলিমুল্লাহ ইউনিভার্সিটি কলেজের ব্ল্যাক সেবার টীম, দ্বিতীয় একে খান ইউসিইএফ পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের গৌস্ট 4X টীম এবং তৃতীয় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের সেক হ্যাকশ টীম। Circuit Solving এ প্রথম হয়েছেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির ফারহান নাদিম, দ্বিতীয় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের আসরাফুল কবির এবং তৃতীয় মেট্রোপলিটন ইউনিভার্সিটির সালমান আহমেদ। Project Showcasing এ প্রথম হয়েছেন ব্লুবার্ড স্কুল এন্ড কলেজের সোলস টীম, দ্বিতীয় স্কলার্সহোমের সার্কিট ব্রেকার টীম এবং তৃতীয় জালালাবাদ পাবলিক স্কুল এন্ড কলেজের জিওডেসিক টীম। Idea Presentation এ প্রথম হয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘টীম নাল’ এবং দ্বিতীয় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের ‘টীম বেটা (৫)’।
কার্নিভালের কো অর্ডিনেটর ছিলেন লিডিং ইউনিভার্সিটির ইইই বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মো. নিয়াজ মোর্শেদুল হক। বিচারক হিসেবে ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগের সহযোগী অধ্যাপক ড. কামরুজ্জামান, লিডিং ইউনিভার্সিটির সি.এস.ই বিভাগের সহকারী অধ্যাপক মো. জেহাদুল ইসলাম মনি এবং ইইই বিভাগের প্রভাসক মো. ইসমাম আহমেদ। ইইই বিভাগের ৩৭তম ব্যাচের শিক্ষার্থী ফারিয়া হক ফিমা সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন লিডিং ইউনিভার্সিটি ইলেকট্রনিক্স ক্লাবের প্রেসিডেন্ট আব্দুল বাকী সাহেদ, IEEE এলইউ স্টুডেন্ট ব্রাঞ্চের প্রেসিডেন্ট সৈয়দা সালসাবিল আরিয়া এবং কার্নিভ্যালের স্পনসর প্রতিষ্ঠান রিফাত ফুড এন্ড কোং এর জেনারেল ম্যানেজার শেখ মিজানুর রহমান। ইইই কার্নিভ্যাল ২০২৬ এর পৃষ্ঠপোষকতায় ছিল এইমস এডুকেশন, স্টেলিওনস, সাত ভাই রেস্টুরেন্ট, ইবনে সিনা হসপিটাল, ফ্লাই ইডব্লিউ এবং ছবিধারা।



