জবি প্রতিনিধি:
“আমি জানতে চাই, আমার ভাইয়ের শেষ দিনটি কখন ও কেমন ছিল।” গুমের শিকার স্বজনদের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত কণ্ঠে এ কথা বলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও ‘মায়ের ডাক’-এর সমন্বয়ক সানজিদা ইসলাম তুলি।
বুধবার (৮ জুলাই) দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের আয়োজনে ‘মননে জুলাই’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সানজিদা ইসলাম তুলি বলেন, জুলাইয়ের আন্দোলন কোনো একক রাজনৈতিক দলের ছিল না; এটি ছিল দলমত নির্বিশেষে সমগ্র বাংলাদেশের মানুষের সম্মিলিত আন্দোলন। নতুন বাংলাদেশ গঠনের জন্য জুলাইয়ের চেতনা, শহীদদের আত্মত্যাগ এবং গুম ও নির্যাতনের শিকার পরিবারগুলোর ইতিহাস সংরক্ষণ করা প্রয়োজন। এসব ইতিহাস ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরতে শিক্ষার্থীদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার আমলে প্রকৃত গুমের সংখ্যা প্রকাশিত তথ্যের তুলনায় অনেক বেশি। আওয়ামী লীগ সরকারের সময় ভয়ের কারণে অসংখ্য পরিবার তাদের স্বজন গুম হওয়ার ঘটনাই প্রকাশ করতে পারেনি। অনেক ক্ষেত্রে পারিবারিক ও সামাজিক বাস্তবতার কারণেও এসব ঘটনা সামনে আনা সম্ভব হয়নি।
বক্তব্যের একপর্যায়ে আবেগাপ্লুত হয়ে তিনি বলেন, “আমি জানতে চাই, আমার ভাইয়ের শেষ দিনটি কখন ও কেমন ছিল। আমরা দিনের পর দিন র্যাবের কার্যালয়ের সামনে অপেক্ষা করেছি, অথচ সেই কার্যালয় থেকে মাত্র ২৫ হাত দূরে আয়নাঘরে আমার ভাইকে আটকে রাখা হয়েছিল।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শাহ নিসতার জাহান কবীর।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
এ ছাড়া উপস্থিত ছিলেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দিন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শারমিন, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক, কর্মকর্তা, বিভিন্ন ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ এবং শিক্ষার্থীরা।



