দোয়ারাবাজার (সুনামগঞ্জ):
সুনামগঞ্জের দোয়ারাবাজারে জমি নিয়ে বিরোধের জেরে ৮০ বছরের বৃদ্ধ সুনা মিয়াকে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামি হোসেন মিয়াকে (২৮) গ্রেপ্তার করেছে র্যাব-৯।
শুক্রবার (৩ জুলাই) বিকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৯ সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কে.এম.শহিদুল ইসলাম সোহাগ।
তারা জানায়, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দোয়ারাবাজার থানা পুলিশের সহযোগিতায় সুনামগঞ্জ জেলা শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
অভিযুক্ত হোসেন মিয়া (২৮) দোয়ারাবাজার উপজেলার বাজিতপুর গ্রামের আরিফ উল্লাহর ছেলে। হোসেন মিয়া একই থানায় দায়েরকৃত আরো একটি হত্যা মামলার আসামি। নিহত বৃদ্ধ সুনা মিয়া ও একই গ্রামের বাসিন্দা।
র্যাব জানায়, বাজিতপুর গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে গত ২৯ মার্চ সুনা মিয়ার উপর হামলা করেন হোসেন মিয়া ও তার পক্ষের লোকজন। তাদের হামলায় সুনা মিয়া ও তার ছেলে মারাত্মক আহত হয়েছিলেন। পরে তাদের উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে কর্ত্যরত চিকিৎসক সুনা মিয়াকে মৃত ঘোষণা করেন।
পরে ২ এপ্রিল তার ছেলে বাদি হয়ে দোয়ারাবাজার থানায় ৬ জনকে আসাসী করে একটি হত্যা মামলা দায়ের করলে র্যাব ঘটনার ছায়া তদন্ত শুরু করে এবং হোসেন মিয়াকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
আটক আসামী হোসেন মিয়া’র বিরুদ্ধে পরবর্তী আইনী ব্যবস্থা গ্রহনের জন্য তাকে দোয়ারাবাজার থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন র্যাব -৯।



