পাপলু মিয়া, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি:
ছাতক-কোম্পানীগঞ্জ সড়কের প্রায় ৫২ কোটি টাকা ব্যয়ে নির্মিত গোয়ালগাঁও-আমবাড়ি সেতু এবং প্রায় ১৬ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন গণেশপুর-আপ্তরখাল সেতুর এপ্রোচ বা সংযোগ সড়ক অত্যন্ত নিচু করে নির্মাণের প্রতিবাদে এবং তা উঁচুকরণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার বিকেলে ইসলামপুর ইউনিয়নের আপ্তরখাল সংলগ্ন সড়কে সর্বস্তরের এলাকাবাসীর আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, সংযোগ সড়কগুলো বর্তমানে যে উচ্চতায় নির্মাণ করা হচ্ছে, তা বর্ষা মৌসুমের পানির উচ্চতার চেয়ে অনেক নিচে। বর্তমান পানি বাড়ার সাথে সাথেই সড়কের কিছু অংশ তলিয়ে গেছে।
বর্ষা মৌসুমে পানির স্তর স্বাভাবিকের চেয়ে আরও ২ ফুট বাড়লে সম্পূর্ণ সড়ক পানিতে তলিয়ে যাবে। এর ফলে প্রায় শত কোটি টাকা ব্যয়ে নির্মিত দুটি সেতুই বর্ষা মৌসুমে যান চলাচলের অনুপযোগী বা অকেজো হয়ে পড়বে বলে বক্তারা আশঙ্কা প্রকাশ করেন।
জনদুর্ভোগ নিরসনে এবং সেতুগুলোর সুফল বজায় রাখতে প্রাক্কলন সংশোধন করে সংযোগ সড়কগুলো বর্তমান লেভেল থেকে আরও অন্তত ২ মিটার উঁচু করার জন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।
মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সুফি আলম সোহেল, ছাতক পাথর ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী আবুল হাসান, বীর মুক্তিযোদ্ধা নুরুল হক, বিশিষ্ট সমাজসেবক হাফিজ সোহেল আহমদ, ভিশন ওয়েলফেয়ার সোসাইটির সেক্রেটারি ও সাংবাদিক মুহাম্মদ নাজমুল হাসান জুয়েল এবং ব্যবসায়ী ফরিদ আহমদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।



