জবি প্রতিনিধি:
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যারিয়ার ক্লাব ও প্রাইম ব্যাংক পিএলসি’র যৌথ উদ্যোগে শিক্ষার্থীদের ব্যাংকিং খাতে ক্যারিয়ার গঠনে উদ্বুদ্ধ করা এবং পেশাগত দক্ষতা উন্নয়নের লক্ষ্যে ‘Engaging & Inspiring Youth in Banking’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে আয়োজিত এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, বর্তমান সময়ে শুধু পাঠ্যপুস্তকভিত্তিক জ্ঞান অর্জনই যথেষ্ট নয়; শিক্ষার্থীদের কর্মক্ষেত্রের বাস্তব চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ দক্ষতা অর্জনও জরুরি। বিশ্ববিদ্যালয়কে এমন একটি প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে হবে, যেখানে শিক্ষার্থীরা একাডেমিক শিক্ষার পাশাপাশি পেশাগত জীবনের জন্যও নিজেদের প্রস্তুত করতে পারে। তিনি বলেন, করপোরেট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সমন্বিত উদ্যোগ শিক্ষার্থীদের ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। একইসঙ্গে ব্যাংকিং খাতকে একটি সম্ভাবনাময় কর্মক্ষেত্র হিসেবে উল্লেখ করে তিনি শিক্ষার্থীদের এ ধরনের আয়োজন থেকে সর্বোচ্চ উপকার গ্রহণের আহ্বান জানান।
সেমিনারে কী-নোট স্পিকার হিসেবে বক্তব্য দেন প্রাইম ব্যাংক পিএলসি’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ফাইন্যান্সিয়াল ইনক্লুশন অ্যান্ড স্কুল ব্যাংকিং বিভাগের প্রধান এম এম মাহবুব হাসান এবং এইচআর রিসেপশনের প্রতিষ্ঠাতা মো. সিরাজ উদ্দিন চৌধুরী। তারা ব্যাংকিং খাতের বর্তমান বাস্তবতা, কর্মসংস্থানের সুযোগ, পেশাগত দক্ষতা উন্নয়ন এবং ভবিষ্যৎ ক্যারিয়ার পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
বক্তারা বলেন, প্রযুক্তিনির্ভর পরিবর্তনের ফলে ব্যাংকিং খাতে দক্ষ ও অভিযোজনক্ষম জনশক্তির চাহিদা বাড়ছে। এ খাতে সফল ক্যারিয়ার গড়তে যোগাযোগ দক্ষতা, নেতৃত্বগুণ, সমস্যা সমাধানের সক্ষমতা এবং পেশাদার মানসিকতার গুরুত্ব রয়েছে।
অনুষ্ঠানে এম এম মাহবুব হাসান শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “কর্মক্ষেত্রে সফল হতে হলে আবেগকে কবর দিতে হয়। দিনশেষে আপনি কতজন মানুষের জীবনে ইতিবাচক প্রভাব ফেলতে পেরেছেন, সেটিই আপনার সফলতার প্রকৃত মানদণ্ড।” তিনি বর্তমান যুবসমাজের কর্মসংস্থান সংকট, মানসিক স্বাস্থ্য, আর্থিক সচেতনতার ঘাটতি এবং প্রাতিষ্ঠানিক শিক্ষা ও কর্মক্ষেত্রের বাস্তবতার মধ্যকার ব্যবধান নিয়েও আলোকপাত করেন।
সেমিনারের শেষ পর্বে শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি উন্মুক্ত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। এ সময় শিক্ষার্থীরা ব্যাংকিং খাত, চাকরির প্রস্তুতি এবং ক্যারিয়ার পরিকল্পনা বিষয়ে বিভিন্ন প্রশ্ন করেন। সেরা প্রশ্নদাতাদের পুরস্কৃত করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের করপোরেট নিয়োগ প্রক্রিয়ার বাস্তব অভিজ্ঞতা দিতে একটি লাইভ মক ইন্টারভিউ সেশনের আয়োজন করা হয়। এতে সেরা পারফরমারকে বিশেষ ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আলী নূর এবং জবি ক্যারিয়ার ক্লাবের মডারেটর সহযোগী অধ্যাপক মো. শফিকুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন জবি ক্যারিয়ার ক্লাবের সভাপতি একেএম তামীম রহমান, সাধারণ সম্পাদক রব্বানী রাশা রাতুলসহ ক্লাবের বিভিন্ন পর্যায়ের সদস্যরা।
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিপুলসংখ্যক শিক্ষার্থী সেমিনারে অংশগ্রহণ করেন। বক্তাদের অভিজ্ঞতা ও পরামর্শ থেকে তারা ব্যাংকিং খাতে ক্যারিয়ার গঠনের বাস্তব দিক, প্রয়োজনীয় দক্ষতা এবং ভবিষ্যৎ সম্ভাবনা সম্পর্কে সম্যক ধারণা লাভ করেন।

