সোহেল মিয়া, দোয়ারাবাজার (সুনামগঞ্জ): বৈশাখী শোভাযাত্রা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে সুনামগঞ্জের দোয়ারাবাজারে পালিত হয়েছে পহেলা বৈশাখ ১৪৩৩। পহেলা বৈশাখের এই শোভাযাত্রায় মানুষের ঢল নেমেছে।
নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান’ এই স্লোগানকে সামনে রেখে মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে বের হয় বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা। এতে বিভিন্ন শ্রেনী পেশার মানুষের ঢল নামে।
সকাল ১০ টায় শুরু হওয়া শোভাযাত্রাটি উপজেলা পরিষদ ভবনের সামন থেকে শুরু হয়ে উপজেলা সমাজসেবা কার্যালয়,দোয়ারাবাজার সরকারি মডেল উচ্চবিদ্যালয় ও দোয়ারাবাজার থানা প্রদক্ষিণ করে উপজেলা ভূমি অফিসে গিয়ে মিলিত হয়।
এসময় দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহ, দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম তালুকদার, উপজেলা বিএনপির যুগ্মাআহ্বায়ক আব্দুল মানিক মাষ্টার, দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি বজলুর রহমান, যুগ্মসম্পাদক সোহেল মিয়া, সাংগঠনিক সম্পাদক মামুন মুন্সি, ক্রিড়া সম্পাদক মাসুদ রানা সোহাগ, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থী প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়াও দিবসটি উপলক্ষে উপজেলা হাসপাতালে ঐতিহ্যবাহী খাবার বিতরণ, শিশু পরিবারের শিশুদের নিয়ে ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। এবং দিবসটি উপলক্ষে দোয়ারাবাজার শিশুপার্কটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়েছে।
এদিকে, বর্ষবরণের বিভিন্ন কর্মসূচিতে নিরাপত্তা নিশ্চিতে সকাল থেকেই উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ আইনশৃঙ্খলা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম তালুকদার বলেন, বাংলা নববর্ষ বাঙালির সর্বজনীন উৎসব। এ উৎসবকে ঘিরে দোয়ারাবাসী যেন নিরাপদ ও নির্বিঘ্নে আনন্দ উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
অনুষ্ঠানে দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহ উপজেলাবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, নববর্ষ বাঙালির সার্বজনীন উৎসব। এ উৎসবের মধ্য দিয়ে সম্প্রীতি, ঐক্য ও নতুন সম্ভাবনার বার্তা ছড়িয়ে পড়ে।
