মাহফুজ কাউসার ছাদি: বাংলাদেশ জামায়াতে ইসলামী ছাতক সদর ইউনিয়ন শাখার উদ্যোগে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে প্রান্তিক জনগণের মধ্যে সেলাই মেশিন বিতরণ, সেহরি ও ইফতার সামগ্রীর ফুডপ্যাক উপহার প্রদান এবং রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা কবির আহমদের সভাপতিত্বে ও সেক্রেটারি মিজানুর রহমান হাসনু’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ছাতক দোয়ারা ফাউন্ডেশন ও ইসলামপুর ইউপি চেয়ারম্যান এডভোকেট সুফি আলম সোহেল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এসপিপিএম আদর্শ দাখিল মাদ্রাসার সাবেক সহকারী সুপার ও বিশিষ্ট সমাজসেবী মাওলানা আবু ছালেহ মুহাম্মদ নোমান এবং বাংলাদেশ মাদ্রাসা ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় আহবায়ক ও ছাতক উপজেলা জামায়াতের সেক্রেটারি হাফিজ মাওলানা জাকির হোসেন।
অতিথিরা তাদের বক্তব্যে বলেন, মহান আল্লাহ তায়ালা পবিত্র কুরআনে মুসলমানদেরকে সর্বোত্তম জাতি হিসেবে মানবজাতির কল্যাণের জন্য সৃষ্টি করেছেন বলে ঘোষণা দিয়েছেন। এই নির্দেশনার আলোকেই জামায়াতে ইসলামী নিরন্ন মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে। তারা আরও বলেন, দারিদ্র্য ও দুর্নীতিমুক্ত কল্যাণমুখী বাংলাদেশ গড়তে হলে সৎ ও যোগ্য নেতৃত্ব এবং আল কুরআনের বিধান প্রতিষ্ঠা করতে হবে।



