Shopping cart

  • Home
  • শিক্ষাঙ্গন
  • জবিস্থ যশোর জেলা ছাত্রকল্যাণ পরিষদের নবীন বরণ ও ইফতার মাহফিল

জবিস্থ যশোর জেলা ছাত্রকল্যাণ পরিষদের নবীন বরণ ও ইফতার মাহফিল

মার্চ ৬, ২০২৬

জবিস্থ যশোর জেলা ছাত্রকল্যাণ পরিষদের নবীন বরণ ও ইফতার মাহফিল।

জবিস্থ যশোর জেলা ছাত্রকল্যাণ পরিষদের নবীন বরণ ও ইফতার মাহফিল।

জবি প্রতিনিধি: রাজধানীর পুরান ঢাকায় অবস্থিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) যশোর জেলা ছাত্রকল্যাণ পরিষদের উদ্যোগে নবীন বরণ, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ একাডেমিক ভবনের কেন্দ্রীয় অডিটোরিয়ামে এ আয়োজন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে অধ্যয়নরত যশোর জেলার প্রায় তিন শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত যশোর জেলার শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ এবং শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে এই আয়োজন করা হয়।

পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পরে নবীন শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া এবং মেধাবী ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়। এছাড়া পবিত্র রমজান উপলক্ষে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সংগঠনের সভাপতি মনিরুজ্জামান মনির স্বাগত বক্তব্যে বলেন, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি নিজ জেলার শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও ঐক্যের বন্ধন তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্বের সম্পর্ককে আরও দৃঢ় করে এবং নবীনদের বিশ্ববিদ্যালয় জীবনের সঙ্গে মানিয়ে নিতে সহায়তা করে।

তিনি আরও বলেন, শিক্ষা, সংস্কৃতি ও রাজনীতিতে যশোর জেলার মানুষের অবদান দীর্ঘদিনের। সেই ধারাবাহিকতা বজায় রাখতে শিক্ষার্থীদের মেধা ও যোগ্যতা দিয়ে দেশের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখতে হবে।

নবীন বরণ পর্বে ২০২৪–২৫ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ফুল ও শুভেচ্ছা স্মারক দিয়ে বরণ করা হয়। এ সময় নবীন শিক্ষার্থীরা জানান, বড় ভাই-বোনদের কাছ থেকে এমন আন্তরিক অভ্যর্থনা পেয়ে আমরা আনন্দিত এবং এটি আমাদের বিশ্ববিদ্যালয় জীবনে নিজ জেলার জন্য ভালো কিছু করার অনুপ্রেরণা জুগিয়েছে।

সংগঠনের সাধারণ সম্পাদক হাবিব আদনান বলেন, শিক্ষার্থীদের শুধু একাডেমিক ফলাফলের মধ্যেই সীমাবদ্ধ থাকলে চলবে না। তাদের সামাজিক ও মানবিক কর্মকাণ্ডেও এগিয়ে আসতে হবে। নৈতিক মূল্যবোধ ধারণ করে আদর্শ নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান তিনি।

ভবিষ্যৎ নেতৃত্ববৃন্দের প্রতি নিজেদের সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে নবীন শিক্ষার্থীদের আগলে রাখার আহবান করে যশোর জেলা ছাত্রকল্যাণ পরিষদের উপদেষ্টা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক রায়হান হোসেন অপু বলেন, আমি বিশ্বাস করি যশোর জেলা ছাত্রকল্যাণ পরিষদের যারা আগামীতে নেতৃত্বে আসবে তারা নবীন শিক্ষার্থীদের আগলে রাখবে এবং জেলার শিক্ষার্থীদের যে কোন প্রয়োজনে অগ্রণী ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকাস্থ মনিরামপুর সমিতির নির্বাচিত দপ্তর ও প্রচার সম্পাদক এবং আয়কর আইনজীবী মো. আব্দুস সবুর হোসেন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় জীবনে নিজের জেলার শিক্ষার্থীদের সঙ্গে এমন মিলনমেলা পারস্পরিক পরিচিতি ও সহযোগিতার বন্ধনকে শক্তিশালী করে।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি মো. মুতাছিম বিল্লাহ। তিনি যশোর জেলার শিক্ষার্থীদের কল্যাণে ভবিষ্যতে আরও বড় পরিসরে শিক্ষামূলক, সামাজিক ও সাংস্কৃতিক কর্মসূচি গ্রহণের আহ্বান জানান।

পরে পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরে বক্তারা সংযম, সহমর্মিতা ও আত্মশুদ্ধির গুরুত্ব নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও বিশ্ববিদ্যালয়ের সার্বিক কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *