সোহেল মিয়া, দোয়ারাবাজার (সুনামগঞ্জ): সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারা) আসনের উন্নয়নে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চেয়েছে জামায়াতে ইসলামী, বাংলাদেশ খেলাফত মজলিস ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে ছাতক উপজেলার দোলার বাজার এলাকায় অনুষ্ঠিত নির্বাচনী সমাবেশে এসব কথা বলেন ১১ দলীয় জোটের নেতারা। সমাবেশটি আয়োজন করা হয় জামায়াতে ইসলামী মনোনীত ও ১১ দলীয় জোট সমর্থিত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আব্দুস সালাম আল মাদানীর পক্ষে।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ইউরোপের মুখপাত্র ব্যারিস্টার আবু বক্কর মোল্লা।
তিনি বলেন, “দাঁড়িপাল্লা এখন আর শুধু জামায়াতে ইসলামীর প্রতীক নয়, এটি দেশের সকল সাধারণ মানুষের আস্থা ও ভরসার প্রতীক। ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের প্রতীক দাঁড়িপাল্লা।”
তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে সব ধর্মের মানুষ নিরাপদভাবে জীবনযাপন করতে পারবে। নারীদের চাকরি, ব্যবসা ও চলাফেরায় কোনো বাধা থাকবে না এবং সবাই নাগরিক অধিকার ভোগ করবে।
সমাবেশে প্রধান বক্তা ছিলেন সংসদ সদস্য প্রার্থী মাওলানা আব্দুস সালাম আল মাদানী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দোয়ারাবাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ডা. আব্দুল কুদ্দুস, বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাও. সাদিক সালিম, ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক সুলতান আহমদ, সুনামগঞ্জ জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য এডভোকেট রেজাউল করিম তালুকদার, খেলাফত মজলিসের সুনামগঞ্জ জেলার সহ সভাপতি মাওলানা রমিজ উদ্দিন, দোয়ারাবাজার উপজেলা জামায়াতের আমীর ডা: হারুনুর রশিদ, ছাতক উপজেলা আমীর মাওলানা আকবর আলী,সাবেক আমীর মাওলানা জালাল উদ্দীন, ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগর সভাপতি শাহিন আহমদ,এনসিপির উপজেলা আহবায়ক সাইদুর রহমান, খেলাফত মজলিস ছাতক উপজেলা সেক্রেটারি মাওলানা সৈওক আহমদ, ছাতক উপজেলা জামায়াতের সেক্রেটারি হাফিজ মাওলানা জাকির হোসাইন, কমিউনিটি নেতা আবুল কালাম , এডভোকেট সাইফুর রহমান পারভেজ, উপজেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি আব্দুল আউয়ালসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিলে ছাতক-দোয়ারার মানুষ আর বৈষম্যের শিকার হবে না। এই অঞ্চলের উন্নয়নের দায়িত্ব নেবে জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোট।
সমাবেশে জানানো হয়, ১১ দলীয় জোট ক্ষমতায় এলে একটি বৈষম্যমুক্ত, মানবিক ও সুশাসনভিত্তিক বাংলাদেশ গড়ে তোলা হবে, যেখানে হিন্দু, মুসলিম, খ্রিস্টান ও বৌদ্ধসহ সব ধর্মের মানুষ সমান অধিকার নিয়ে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারবে।
সমাবেশে স্থানীয় জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোটের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সমাবেশের শুরুতে বিভিন্ন অঞ্চল হতে দাঁড়িপাল্লা প্রতীকের মিছিল নিয়ে সমাবেশ যোগদেন হাজার হাজার কর্মী সমর্থক।



