সাজু আহমেদ: বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে বিতর্কিত ও বাধাগ্রস্ত করতে একটি রাজনৈতিক দল পরিকল্পিতভাবে সক্রিয় রয়েছে। এ কারণে জনগণকে সতর্ক ও সজাগ থাকতে হবে।
সোমবার (২ ফেব্রুয়ারি) বেলা আড়াইটার দিকে যশোর উপশহর কলেজ মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, একটি রাজনৈতিক দলের শীর্ষ নেতা কর্মজীবী নারীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন। বিষয়টি নিয়ে প্রতিবাদ শুরু হলে দায় এড়াতে অ্যাকাউন্ট হ্যাকড হওয়ার দাবি করা হলেও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই অ্যাকাউন্ট হ্যাকড হয়নি। তিনি অভিযোগ করেন, জনগণকে বিভ্রান্ত করতেই এসব অপচেষ্টা চলছে।
তিনি আরও বলেন, যারা মিথ্যাচার ও প্রতারণার মাধ্যমে রাজনীতি করে, তাদের বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। জনগণকে সঙ্গে নিয়ে সব ষড়যন্ত্র প্রতিহত করার আহ্বান জানান তিনি।
জনসভায় তারেক রহমান যশোর ও কুষ্টিয়া অঞ্চলের সাত জেলার ২২ জন বিএনপি প্রার্থীকে পরিচয় করিয়ে দেন এবং ভোটারদের ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।
যশোর জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হকের সভাপতিত্বে ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মেহেদী আহমেদ, ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, অধ্যাপক নার্গিস বেগম, বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ও যশোর–৩ আসনের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।



