Shopping cart

বুকের কান্না নিয়েই স্বতন্ত্র নির্বাচন করছি: শহীদ ইকবাল

ফেব্রুয়ারি ২, ২০২৬

বুকের কান্না নিয়েই স্বতন্ত্র নির্বাচন করছি: শহীদ ইকবাল।

বুকের কান্না নিয়েই স্বতন্ত্র নির্বাচন করছি: শহীদ ইকবাল।

সাজু আহমেদ: আমাকে মনোনয়ন দেওয়া হয়েছিল, পরে তা প্রত্যাহার করা হয়েছে। সেই রক্তক্ষরণ বুকের কান্না নিয়েই আজ আমি স্বতন্ত্র প্রার্থী হয়ে আপনাদের কাছে এসেছি। শুধু আমার নয়, হাজার হাজার বিএনপি নেতা-কর্মীর চোখের পানির শক্তিতেই এই নির্বাচন করছি। এভাবেই আবেগঘন কণ্ঠে বক্তব্য রাখেন স্বতন্ত্র প্রার্থী অ্যাড. শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন।

রোববার (১ ফেব্রুয়ারি) বিকেলে মণিরামপুর উপজেলার ঢাকুরিয়া ইউনিয়নের ঢাকুরিয়া প্রতাপকাটি বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত এক নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অ্যাড.শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, আমি ১২ বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাধারণ সম্পাদক এবং ২৩ বছর ধরে মণিরামপুর উপজেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেছি। আজ আমি কোনো রাজনৈতিক অধিকার চাইতে আসিনি, আমি এসেছি একটি অঙ্গীকার নিয়ে।

তিনি আরও বলেন, আমার কোনো নির্বাচনী ইশতেহার নেই। আমি অতীতে যেমন মণিরামপুরের মানুষের পাশে ছিলাম, আগামীতেও তেমনি থাকব। হিন্দু-মুসলিম সকল মানুষের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি গড়ে তুলে মানুষের সেবক হিসেবেই কাজ করতে চাই।

ভোটারদের উদ্দেশে তিনি বলেন, আপনারা কলস প্রতীকে ভোট দিয়ে এই সিদ্ধান্তের জবাব দেবেন। আগামী ১২ তারিখের পর ইনশাআল্লাহ বিজয়ের মালা নিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা হবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৫ (মণিরামপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী অ্যাড. শহীদ মোহাম্মদ ইকবাল হোসেনের ‘কলস’ প্রতীকের প্রচার মিছিল ও নির্বাচনী পথসভায় ঢাকুরিয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মাস্টার মতিয়ার রহমানের সভাপতিত্বে এবং ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক মোল্লা মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত এ পথসভায় স্থানীয় নেতৃবৃন্দ, দলীয় নেতা-কর্মী ও সমর্থকসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *