Shopping cart

মাধবপুরে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

ডিসেম্বর ১৬, ২০২৫

মাধবপুরে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা।

মাধবপুরে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা।

মশিউর রহমান মুর্শেদ মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে বর্ণাঢ্য ও ভাবগম্ভীর আয়োজনের মধ্য দিয়ে ৫৪তম মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। মাধবপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ১১টার দিকে উপজেলা মিনি স্টেডিয়ামে বীর মুক্তিযোদ্ধা এবং শহিদ ও প্রয়াত বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ জাহিদ বিন কাশেম সভাপতিত্ব করেন এবং সঞ্চালনা করেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ ফয়সাল চৌধুরী। এতে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা দুলা মিয়া, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুজিবুল ইসলাম, মাধবপুর থানার অফিসার ইনচার্জ মাহবুব মোর্শেদ খান, চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা সন্তান মাহবুবুর রহমান সোহাগ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইমরুল হাসান জাহাঙ্গীর, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ জাকিরুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি, সাংবাদিক আলমগীর কবির, এনসিপি জেলা প্রতিনিধি তন্ময় তাহের, উপজেলা বৈষম্যবিরোধী ছাত্রনেতা সিরাজুল ইসলাম তানজিলসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

দিবসটির সূচনা হয় সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে। সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে মাধবপুর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বিজয় দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। এ সময় উপজেলা প্রশাসন ছাড়াও বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা শহীদ মিনারে ফুল দিয়ে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

সকাল ৭টায় মুক্তিযুদ্ধের অন্যতম ঐতিহাসিক স্মৃতিবিজড়িত তেলিয়াপাড়া চা বাগান স্মৃতিসৌধে বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যরা পুষ্পস্তবক অর্পণ করেন। এ উপলক্ষে মুক্তিযুদ্ধের স্মৃতি, বীরত্বগাথা ও আত্মত্যাগ স্মরণ করে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

পরে মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ ও মনোমুগ্ধকর ডিসপ্লে প্রদর্শন করা হয়। শৃঙ্খলাবদ্ধ কুচকাওয়াজ ও দেশাত্মবোধক পরিবেশনায় উপস্থিত দর্শনার্থীরা মুগ্ধ হন। এ আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ও দেশপ্রেম জাগ্রত করার আহ্বান জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *