রিয়াজুল হক সাগর, রংপুর: রংপুরে ডিশ-ইন্টারনেট’ ব্যবসা দখল নিয়ে বেডরুমে গিয়ে স্ত্রীসন্তানসহ গুলি করে হত্যার হুমকির ঘটনায় জামিন পেয়েছেন বহিস্কৃত যুবদল নেতা তামজিদুর রশিদ গালীব ও জেলা তাতিঁদলের সাধারণ সম্পাদক মুরাদ কায়সার মিথুন।
মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে জামিন প্রদান করেন অতিঃ চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোঃ রাশেদ হোসাইন। পাঁচশ টাকার বন্ডে পিয়ার পর্যন্ত এ জামিন মঞ্জুর করা হয়।
এর আগে সোমবার রাতে “মায়া সাইবার ওয়ার্ল্ড” নামক ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানে হামলা ও মোবাইল ফোনে কর্মকর্তার স্ত্রীসন্তানকে বেডরুমে গিয়ে গুলি করে হত্যার হুমকির অভিযোগে দুটি মামলা দায়ের করে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে। মামলার পরে র্যাব ১৩ ও মহানগর গোয়েন্দা পুলিশ বহিস্কৃত যুবদল নেতা তামজিদুর রশিদ গালীব ও জেলা তাতিঁদলের সাধারণ সম্পাদক মুরাদ কায়সার মিথুনকে গ্রেফতার করে।
মামলা সুত্রে জানা যায়, নগরীর কামাল কাছনা এলাকায় পূর্বপরিকল্পিতভাবে সন্ত্রাসীরা প্রতিষ্ঠানের লাইন কেটে দেয়। এতে গ্রাহকরা মারাত্মক ভোগান্তির শিকার হন। এ ঘটনায় মায়া সাইবার ওয়ার্ল্ডের পপ ম্যানেজার রেবেকা হারুন সংবাদ সম্মেলন করে ঘটনার বিবরণ তুলে ধরলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। গত রোববার বিকেলে গালিব ও মনুসহ আনুমানিক ১৫-২০ জন প্রতিষ্ঠানের অফিসে ঢুকে স্টাফদের ওপর হামলা চালায়। এ সময় তামজিদুর রশিদ গালিবের নির্দেশে অন্য আসামিরা মারধর ও অফিসের ল্যাপটপ, কম্পিউটারসহ গুরুত্বপূর্ণ সরঞ্জামাদি ভাঙচুর করে। একই সঙ্গে কামাল কাছনা এলাকায় গালিবকে নতুন ফিড অপারেটর হিসেবে নিয়োগ দিতে চাপ দেওয়া হয়। এ সময় আকিবুল রহমান মনু প্রতিষ্ঠানটির ম্যানেজার মাহাদী হাসান কাফিকে মোবাইলে হুমকি দিয়ে বলেন, “তুই আওয়ামী লীগের দালালি করছিস। আজকে বিকেলের মধ্যে যদি সমাধান না করিস তাহলে তোর বেডরুমে গিয়ে বউ-বাচ্চাসহ তোকে গুলি করে আসব।
পরে ইন্টারনেট অফিসে ঢুকে কর্মকর্তা-কর্মচারীদের মারধর, ভাঙচুর ও বাসায় গিয়ে হত্যার হুমকির অভিযোগে রোববার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে নগরীর মহানগর কোতোয়ালি থানায় ‘ক্যাবল ওয়ান’ ও মায়া সাইবার ওয়ার্ল্ড’ পৃথক দুটি মামলা দায়ের করে। মামলায় জেলা যুবদলের সদ্য বহিষ্কৃত সহ-সাধারণ সম্পাদক তামজিদুর রশিদ গালিব ও যুগ্ম সাধারণ সম্পাদক আকিবুল রহমান মনুসহ অজ্ঞাতনামা আরও ১৫-২০ জনকে আসামি করা হয়।
এদিকে, অভিযুক্ত দুই নেতাকে গত রোববার রাতেই বহিষ্কার করেছে যুবদল। সংগঠনটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি-আদর্শ ও সংহতি পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদের প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানানো হয়।



