সোহেল মিয়া,দোয়ারাবাজার (সুনামগঞ্জ):
সুনামগঞ্জের দোয়ারাবাজারে গ্রামীণ সড়ক উন্নয়নে হেরিংবোন (এইচবিবি) প্রকল্পের অর্ধ কোটি টাকার সড়ক নির্মাণ কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। সড়কটিতে নিয়ম না মেনে নিম্নমানের ইটের সলিং আর
সঠিক পরিমাণ বালু না দিয়ে কাঁদার ওপর ইট বিছিয়ে সলিং করায় ক্ষোভে ফোঁসে উঠেছে এলাকাবাসী।
জানা যায়, চলতি অর্থবছরে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের অধিনে উপজেলার সুরমা ইউনিয়নের বরকত নগর এলাকায় ৫০০ মিটার কাঁচা রাস্তা হেরিংবোন (এইচবিবি) ইটসলিং রাস্তার কাজ শুরু হয়। এতে ব্যয় ধরা হয় ৪৪ লাখ টাকা।
মাইমুনা ট্রেডার্স’ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষে মাঠ পর্যায়ে কাজটি পরিচালনা করছেন সিদ্দিকুর রহমান নামের এক ব্যক্তি।
এপ্রিলের প্রথম দিকে শুরু হওয়া কাজটি নানান জটিলতায় জুনে শেষ হওয়ার কথা থাকলেও জুলাই মাসে ও চলমান রয়েছে কাজটি। কাজের শুরু থেকে নিম্নমানের ইটসহ নানা অনিয়ম ও দুর্নীতির মধ্য দিয়ে কাজ প্রায় সম্পন্ন হওয়ার পথে।
তবুও নজর নেই সংশ্লিষ্ট তদারকি প্রতিষ্ঠানের।
এলাকাবাসীর অভিযোগ ঠিকাদাররা দোয়ারাবাজার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) অফিসের যোগসাজশে এ দুর্নীতি করছেন। সরেজমিন দেখা যায়, সুরমা ইউনিয়নের বরকত নগর গ্রামের গ্রামীণ মাটির রাস্তা টেকসইকরণের লক্ষ্যে হেরিংবোন (এইচবিবি) কাজ চলছে। এরই মধ্যে কাজ প্রায় শেষ পর্যায়ে। এ সড়কে অত্যন্ত নিম্নমানের ইট দিয়ে কাজ করেছেন ঠিকাদার। সড়কের এজিং তৈরিতেও ব্যবহার করা হয়েছে নিম্নমানের ইট। স্থানীয়দের অভিযোগ, ইটের নিচে বালু কম দেওয়া হয়েছে।
অভিযোগের বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে একাধিকবার যোগাযোগ করা হলেও পাওয়া যায়নি।
অভিযোগের বিষয়ে দোয়ারাবাজার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) লুৎফুর রহমান বলেন, এলাকার পরিস্থিতি অনুযায়ী কাজের গতি হয়ে থাকে। এই এলাকার পরিস্থিতি আপনারা জানেন। অনিয়মের অভিযোগের বিষয়টি দেখা হবে।

