Shopping cart

  • Home
  • শিক্ষাঙ্গন
  • কুবিতে ফটো কনটেস্ট: ১৫ জন বিজয়ী, প্রথম পুরস্কার ৮ হাজার টাকা

কুবিতে ফটো কনটেস্ট: ১৫ জন বিজয়ী, প্রথম পুরস্কার ৮ হাজার টাকা

ফেব্রুয়ারি ২২, ২০২৬

কুবিতে ফটো কনটেস্ট: ১৫ জন বিজয়ী, প্রথম পুরস্কার ৮ হাজার টাকা।

কুবিতে ফটো কনটেস্ট: ১৫ জন বিজয়ী, প্রথম পুরস্কার ৮ হাজার টাকা।

কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)-এ ফটো কনটেস্ট ২০২৫-এর পুরস্কার বিতরণ ও সনদপত্র প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় ২৫৬টি ছবির মধ্য থেকে চূড়ান্তভাবে ১৫ জনকে বিজয়ী ঘোষণা করা হয়।

রবিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ভার্চুয়াল ক্লাসরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রথম স্থান অর্জনকারী নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শারমিন আক্তার লাকি পান নগদ ৮ হাজার টাকা ও ক্রেস্ট। দ্বিতীয় স্থান অধিকারী কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের শিক্ষার্থী নূর নবী নাঈম পান ৬ হাজার টাকা এবং তৃতীয় স্থান অর্জনকারী আইন বিভাগের শিক্ষার্থী সাজ্জাদ হোসেন রায়হান পান ৪ হাজার টাকা। এছাড়া সকল বিজয়ীকে সনদপত্র ও একটি করে ডায়েরি প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল হাকিম ও ছাত্র পরামর্শক ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. নাহিদা বেগম।

ফটো কনটেস্টে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক উজ্জ্বল মন্ডল, সাংবাদিক-লেখক ও শিক্ষক সুদীপ্ত সালাম এবং ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভের পরিচালক ও বোর্ড অব ট্রাস্টিজ সদস্য খাজা জিয়া।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী বলেন, “প্রত্যেক মানুষের দেখার দৃষ্টিভঙ্গি আলাদা। একটি ছবির মাধ্যমে রুচিবোধ ও সৃজনশীলতা প্রকাশ পায়। বিজয়ীরা তাদের ছবির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসকে সুন্দরভাবে উপস্থাপন করেছে।”

ফটো কনটেস্টের আহ্বায়ক ও অনুষ্ঠানের সভাপতি মো. সাদিকুজ্জামান বলেন, “এবারের প্রতিযোগিতায় মোট ২৫৬টি ছবি জমা পড়ে। সেখান থেকে দুই ধাপে ১৫টি ছবি চূড়ান্তভাবে নির্বাচন করা হয়। প্রথম ধাপে লাইক ও কমেন্টের ভিত্তিতে এবং দ্বিতীয় ধাপে বিচারকদের মূল্যায়নের মাধ্যমে ফলাফল নির্ধারণ করা হয়।”

উল্লেখ্য, এ প্রতিযোগিতায় মোট ২২৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন এবং তিন সদস্যের বিচারক কমিটির মাধ্যমে ১৫ জনকে বিজয়ী নির্বাচিত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *