নিজ প্রতিনিধি:
জীবন্ত মানব নিউরন ব্যবহার করে গবেষণাগারের পরিবেশে কৃত্রিম মস্তিষ্কের প্রোটোটাইপ তৈরির দাবি করেছে ইরান। দেশটির দাবি, এই নিউরনগুলো এমন একটি স্নায়বিক নেটওয়ার্ক গঠন করতে সক্ষম, যা মানুষের মস্তিষ্কের মতো শেখার ক্ষমতা রাখে। এর মাধ্যমে দ্রুত বিকাশমান ‘অর্গানয়েড ইন্টেলিজেন্স’ প্রযুক্তির বৈশ্বিক প্রতিযোগিতায় ইরানও নতুনভাবে যুক্ত হয়েছে।
ইরানের কগনিটিভ সায়েন্সেস অ্যান্ড টেকনোলজিস ডেভেলপমেন্ট টাস্কফোর্সের সেক্রেটারি আতাউল্লাহ পুর-আব্বাসি দেশটির বার্তা সংস্থা মেহেরকে জানান, গবেষণাগারের বাইরে মানবদেহ থেকে পৃথক করা নিউরন সফলভাবে বৃদ্ধি করার প্রযুক্তিগত সক্ষমতা অর্জন করেছে ইরান। তার ভাষ্য অনুযায়ী, এসব নিউরন পরস্পরের সঙ্গে সিন্যাপস তৈরি করে এবং শেখার সক্ষমতাসম্পন্ন একটি নিউরাল নেটওয়ার্ক গড়ে তোলে, যা মস্তিষ্কের কার্যপ্রণালীর সঙ্গে কিছুটা সাদৃশ্যপূর্ণ।
তিনি আরও বলেন, এই প্রযুক্তিই ভবিষ্যতে জীবন্ত মস্তিষ্কের কোষভিত্তিক কম্পিউটার প্রসেসর তৈরির ভিত্তি হতে পারে। তার দাবি, একটি দেশীয় জ্ঞানভিত্তিক প্রতিষ্ঠান ইতোমধ্যে এ প্রযুক্তির পরীক্ষামূলক একটি প্রোটোটাইপ তৈরি করেছে।
পুর-আব্বাসির মতে, এ প্রযুক্তির দুটি উল্লেখযোগ্য সুবিধা রয়েছে। প্রথমত, এটি তথ্য প্রক্রিয়াকরণের গতি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করতে পারে। দ্বিতীয়ত, প্রচলিত সিলিকনভিত্তিক কম্পিউটার চিপের তুলনায় এর বিদ্যুৎ খরচ প্রায় ১০ লাখ গুণ কম হতে পারে বলে তিনি দাবি করেন।



