নিজস্ব প্রতিবেদক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়:
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষার্থীদের নিয়মিত সংবাদপাঠে উৎসাহিত করতে ক্যাম্পাসে দৈনিক ইনকিলাবের নিউজ স্ট্যান্ড উদ্বোধন করা হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা প্রতিদিন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই দৈনিক ইনকিলাব পড়ার সুযোগ পাবেন।
বুধবার (২৯ জুলাই) বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগ আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নিউজ স্ট্যান্ডের উদ্বোধন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন।
উদ্বোধনী বক্তব্যে উপাচার্য বলেন, “দৈনিক ইনকিলাব শুধু একটি সংবাদপত্র নয়, এটি দেশের সামাজিক, সাংস্কৃতিক ও তামাদ্দুনিক অগ্রযাত্রার গুরুত্বপূর্ণ অংশ। ইসলামী মূল্যবোধ, ঐতিহ্য ও শিক্ষা বিস্তারে পত্রিকাটি দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।”
তিনি আরও বলেন, “মাদ্রাসা শিক্ষার আধুনিকায়ন ও সমমান প্রতিষ্ঠায় ইনকিলাবের প্রতিষ্ঠাতা মরহুম মাওলানা এম এ মান্নানের অবদান স্মরণীয়। তাই ইনকিলাবকে শুধু একটি সংবাদপত্র নয়, মূল্যবোধের ধারক হিসেবেও বিবেচনা করা উচিত।”
অনুষ্ঠানে দৈনিক ইনকিলাবের নির্বাহী সম্পাদক ও পরিচালক নাজিফা বাহাউদ্দিন বলেন, “এই নিউজ স্ট্যান্ডের মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে আমাদের আরও কার্যকর সংযোগ তৈরি হবে। ভবিষ্যতে তরুণদের জন্য একটি পৃথক পাতা চালু করা হবে, যেখানে শিক্ষার্থীদের লেখা, কার্টুন, শিল্পকর্ম, আলোকচিত্র ও অন্যান্য সৃজনশীল কাজ প্রকাশের সুযোগ থাকবে।”
এ সময় বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. ইমরানুল হক, ইউট্যাব জবি শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক ড. নাছির আহমাদ, লোক প্রশাসন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. নঈম আকতার সিদ্দিকসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও অতিথিরা উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে বিশ্ববিদ্যালয়ের শহিদ সাজিদ ভবনের নিচতলায় দৈনিক ইনকিলাবের নিউজ স্ট্যান্ডের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনের পর থেকে সেখানে প্রতিদিন ৫০ কপি দৈনিক ইনকিলাব রাখা হবে, যা শিক্ষার্থীরা সংগ্রহ করে নিয়মিত পড়তে পারবেন।



