জবি প্রতিনিধি:
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. মোস্তাফিজুর রহমান (রুমি)-এর মরহুমা মায়ের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ জুলাই) বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাকর্মী ও শিক্ষার্থীরা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন বলেন, পৃথিবীতে কেউই চিরস্থায়ী নয়। মহান আল্লাহ জীবন ও মৃত্যু সৃষ্টি করেছেন মানুষকে পরীক্ষা করার জন্য। তাই আখেরাতের জীবনের জন্য সবাইকে সৎকর্মের মাধ্যমে প্রস্তুতি নিতে হবে।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য হলো মতপার্থক্য থাকলেও বিশ্ববিদ্যালয়ের স্বার্থে সবাই একসঙ্গে কাজ করা। আজ বিশ্ববিদ্যালয় পরিবারের একজন সদস্য তার মাকে হারিয়েছেন। তার মায়ের জন্য আয়োজিত এই দোয়া মাহফিলে সবার উপস্থিতি বিশ্ববিদ্যালয় পরিবারের পারস্পরিক বন্ধন ও সহমর্মিতার বহিঃপ্রকাশ।
উপাচার্য আরও বলেন, যাদের বাবা-মা জীবিত আছেন, তারা যেন তাদের যথাযথ মূল্যায়ন করেন। বাবা-মায়ের সন্তুষ্টি অর্জনের মধ্যেই সন্তানের প্রকৃত সফলতা নিহিত রয়েছে। তিনি মরহুমার রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর কাছে জান্নাতুল ফেরদাউস নসিবের দোয়া করেন।
আবেগঘন বক্তব্যে মো. মোস্তাফিজুর রহমান (রুমি) বলেন, তার মায়ের দোয়াই ছিল জীবনের সবচেয়ে বড় শক্তি। দীর্ঘ রাজনৈতিক পথচলার প্রতিটি কঠিন সময়ে মায়ের দোয়া তাকে সাহস ও অনুপ্রেরণা জুগিয়েছে। তিনি বলেন, মায়ের জন্য যতটুকু দায়িত্ব পালন করা উচিত ছিল, তা করতে না পারার আক্ষেপ সারাজীবন বহন করতে হবে। তিনি উপস্থিত সবার কাছে তার মরহুমা মায়ের রুহের মাগফিরাতের জন্য দোয়া কামনা করেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহ্বায়ক গোলাম মাওলা শাহীন, ফিন্যান্স বিভাগের অধ্যাপক ড. ওমর ফারুক, জকসুর ভিপি রিয়াজুল ইসলাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১ নম্বর যুগ্ম আহ্বায়ক সুমন সরদার এবং যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান খান।
এ সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদ্য সাবেক সাধারণ সম্পাদক সুজন মোল্লা, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সভাপতি কে এম শাখাওয়াত হোসেন, কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি কাজী জিয়া উদ্দিন বাসেতসহ ছাত্রদলের নেতাকর্মী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিল শেষে মরহুমার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।



