সোহেল মিয়া, দোয়ারাবাজার (সুনামগঞ্জ): সুনামগঞ্জের দোয়ারাবাজারে ধানকখেত হতে প্রবাসীর ৮ বছর বয়সী শিশু সন্তানের রক্তাক্ত লাঁশ উদ্ধার করা হয়েছে।
বুধবার (১৮ মার্চ) বিকেলে দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁও ইউনিয়নে শ্রীনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন দোয়ারাবাজার থানার ওসি তরিকুল ইসলাম তালুকদার।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, প্রতিবেশী দুই শিশুর সঙ্গে বুধবার হাওরে মাছ ধরতে গিয়েছিলো ওই গ্রামের কোরিয়া প্রবাসী মোস্তাক আহমেদের সন্তান শিশু আবদুল্লাহ আল মামুন (৮)। এর তিন ঘণ্টা পর হাওরের ধানখেতে পাওয়া যায় তার রক্তাক্ত লাশ।
খবর পেয়ে পুলিশ শিশুটির লাশ উদ্ধার করে।
পুলিশ জানায়, শিশুটির মাথার পেছনের দিকে ও ঘাড়ে একাধিক আঘাতের চিহ্ন আছে।
এই ঘটনার পর গতকাল সন্ধায় শিশুটির বাবা উত্তর কোরিয়া প্রবাসী মোস্তাক আহমদের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওতে তিনি ছেলের জন্য আহাজারি করে বলছিলেন, মামুন দুপুরে প্রতিবেশী দুই শিশুর সঙ্গে হাওরে গিয়েছিল। পরে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। তখন অন্য দুই শিশু জানায়, মামুন তাদের কাছ থেকে চলে গেছে। সন্ধ্যার আগে হাওরের একটি ধানখেতে তার লাশ পাওয়া যায়।
মোস্তাক আহমদ ভিডিওতে আরো বলেন, আমার মা ও বাবা অসুস্থ। আমার ছেলের খুনিদের ধরার জন্য এলাকাবাসী, প্রশাসন ও পুলিশের কাছে দাবি জানাই।’
প্রতিবেশীদের সঙ্গে কথা বলে জানা গেছে, মোস্তাক আহমদ দীর্ঘদিন ধরে প্রবাসে আছেন। তাঁর দুই ছেলে ও এক মেয়ে। মামুন সবার বড় ছিল। সে স্থানীয় একটি বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণিতে পড়ত।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিকুল ইসলাম তালুকদার জানান, হাওর থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে।


