জবি প্রতিনিধি:
সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির বলেছেন, “শিবির যদি খারাপ কাজ করে, তাদের সমালোচনা করো। তাদের এড়িয়ে চলো। তাদেরকে শিক্ষা দাও যে, খারাপ কাজ করলে তোমাদের সমর্থন করা হবে না।”
রবিবার (২৮ জুন) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটরিয়ামে ইসলামী ছাত্রশিবির জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার আয়োজিত তিন দিনব্যাপী নবীনবরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, দেশের ভবিষ্যৎ নির্ভর করছে তরুণদের মেধা, সৃজনশীলতা ও নেতৃত্বের ওপর। বিশ্ববিদ্যালয়গুলোতে গড়ে ওঠা প্রতিভাবান তরুণদের যোগ্যতার ভিত্তিতে রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্ব দেওয়ার সংস্কৃতি গড়ে তুলতে না পারলে দেশের প্রকৃত সম্ভাবনা বিকশিত হবে না।
নবীন শিক্ষার্থীদের উদ্দেশে শিশির মনির বলেন, প্রকৃত যোগ্যতা ও সক্ষমতা থাকলে কাউকে দীর্ঘদিন আটকে রাখা সম্ভব নয়। তাই রাজনৈতিক আধিপত্য বা দলীয় পরিচয়ের পরিবর্তে নিজেদের দক্ষতা ও যোগ্যতা বৃদ্ধির প্রতি গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি। তিনি বলেন, কে কোন রাজনৈতিক দল বা ছাত্রসংগঠনের সঙ্গে যুক্ত, সেটি মুখ্য নয়; রাষ্ট্রের প্রতিটি গুরুত্বপূর্ণ স্থানে যোগ্য ব্যক্তিদের প্রতিষ্ঠিত করাই হওয়া উচিত সর্বোচ্চ অগ্রাধিকার।
তিনি আরও বলেন, একটি উন্নত বাংলাদেশ গড়তে আইনের শাসন, মানবাধিকার, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, গবেষণা এবং সৃজনশীলতার বিকাশ নিশ্চিত করতে হবে। বিশ্ববিদ্যালয়গুলোতে রাজনৈতিক বিভাজনের সংস্কৃতি পরিহার করে সত্য, ন্যায় ও যোগ্যতার পক্ষে অবস্থান নেওয়ার আহ্বানও জানান তিনি।
অনুষ্ঠানে তিনি বলেন, “রাজনীতি যে-ই করুক, সরকার বা বিরোধী দল যেই হোক, যে সত্য ও ন্যায়ের পথে থাকবে, শিক্ষার্থীদের উচিত তার পক্ষেই অবস্থান নেওয়া।”
ইসলামী ছাত্রশিবির জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আব্দুল আলিম আরিফের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও জাকসুর শিক্ষা ও গবেষণা সম্পাদক ইব্রাহিম খলিলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন।
এছাড়া প্যানেলিস্ট হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক মোহাম্মদ বিলাল হোসাইন, ন্যাশনাল রিসার্চ ইউনিভার্সিটি হায়ার স্কুল অব ইকোনমিকস (রাশিয়া)-এর ক্যান্ডিডেট অব সায়েন্স ড. মো. নূরুল হাসান, বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক মো. আসাদুজ্জামান সাদী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু)-এর সহ-সভাপতি (ভিপি) মো. রিয়াজুল ইসলাম।



