দোয়ারাবাজার (সুনামগঞ্জ): সুনামগঞ্জের দোয়ারাবাজারে এক গৃহিনীকে চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার প্রধান আসামি ‘অমল দাস’কে গ্রেফতার করেছে র্যাব।
শনিবার সকালে এক প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৯, সিলেটের মিডিয়া অফিসার (অতিঃ পুলিশ সুপার) কে, এম, শহিদুল ইসলাম সোহাগ।
র্যাব সূত্রে জানা যায় যে, সুনামগঞ্জ জেলার সদর থানাধীন জানিগাঁও এলাকার বাসিন্দা ভুক্তভোগী নারী তার স্বামীর মনোমালিন্যতার কারনে ৪ বছর যাবত স্বামী থেকে আলাদা হয়ে পিতার বাড়িতে বসবাস করে আসছে। গত ১৮ মার্চ সন্ধা ৭ টায় গ্রেফতারকৃত আসামী অমল দাস ভিকটিমকে ফোন করে সুনামগঞ্জ শহরের ওয়েজখালী পেট্রোল পাম্পে ডেকে নিয়ে তার মামার বাড়িতে পৌঁছে দেওয়ার প্রলোভন দেখিয়ে সিএনজিতে উঠায়। সিএনজিতে করে দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের বিভিন্ন জায়গায় নিয়ে বেশ কয়েকজন সারারাত ধরে একাধিকবার জোরপূর্বক গণধর্ষণ করে। পরবর্তীতে একটি খড়ের ঘরে রেখে চলে যায়। পরেরদিন সকাল সাতটার দিকে তিনি অসুস্থ অবস্থায় চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি হয়।
এই ঘটনায় ভুক্তভোগী নিজে বাদী হয়ে দোয়ারাবাজার থানায় একটি মামলা দায়ের করেন। দোয়ারাবাজার থানার ( মামলা নং-২২, তারিখ-২৫/০৩/২০২৬ খ্রি., ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত/২০২৫) এর ৯ (৩))।
মামলার পরবর্তী আসামিদের আইনের আওতায় আনতে র্যাব-৯ এই ঘটনার ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ৭২ ঘন্টার ভিতরে র্যাব-৯, (সিপিসি-৩) সুনামগঞ্জের একটি আভিযানিক দল শুক্রবার দুপুর আড়াইটার দিকে সুনামগঞ্জ শহরের মডেল থানাধীন মল্লিকপুর নতুন বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে প্রধান আসামী অমল দাসকে গ্রেফতার করে।
গ্রেফতার পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তাকে দোয়ারাবাজার থানায় হস্তান্তর করা হয়েছে।



