স্টাফ রিপোর্টার, দোয়ারাবাজার (সুনামগঞ্জ): সুনামগঞ্জের দোয়ারাবাজারে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রি’র দায়ে ফজর আলী নামে একজনকে দু-মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
সোমবার (৮ জুন) বিকাল ৩ টায় উপজেলার নরসিংপুর ইউনিয়নের রহিমেরপাড়া গ্রামে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদুল ইসলাম।
জানা যায়, রহিমেরপাড়া এলাকায় চেলা নদীর পাড়ে বেড়িবাঁধ কেটে দীর্ঘদিন যাবত অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে একই গ্রামের মৃত তরিকুল্লাহ এর ছেলে ফজর আলী (৫৫)। স্থানীয়রা একাধিকবার বাঁধা নিষেধ করলেও তিনি পাত্তা দেন নি। পরে দোয়ারাবাজার উপজেলা প্রশাসনের নিকট লিখিত অভিযোগ দায়ের করলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদুল ইসলাম সোমবার সরজমিনে গিয়ে ঘটনার সত্যতা পাওয়ায় তাৎক্ষণিক মোবাইল কোর্ট পরিচালনা করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদুল ইসলাম জানান, অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রি’র দায়ে ফজর আলীকে দু-মাসের কারাদণ্ড ও এক’লক্ষ টাকা জরিমানা করা হয়।
জনস্বার্থে এবং পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



