সাজু আহমেদ: যশোরের মণিরামপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাড. গাজী এনামুল হক ৪৬ হাজার ৩২০ ভোটের ব্যবধানে বিজয়ী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন । তিনি পেয়েছেন ১ লাখ ৩০ হাজার ৫৯৬ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী অ্যাড. শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন ‘কলস’ প্রতীকে পেয়েছেন ৮৪ হাজার ২৭৬ ভোট। ধানের শীষ প্রতীকের প্রার্থী রশিদ আহমেদ পেয়েছেন ৫৪ হাজার ৪১৫ ভোট।
এছাড়া অন্যান্য প্রার্থীদের মধ্যে মাস্টার টিপু (হাতপাখা) পেয়েছেন ৪ হাজার ৩৭৮ ভোট, এমএ হালিম (লাঙ্গল) ২ হাজার ১৯৪ ভোট এবং কামরুজ্জামান (ফুটবল) পেয়েছেন ২ হাজার ৭৮ ভোট। পোস্টাল ভোট বাদে ৩ লাখ ৬৯ হাজার ৭৮ জন ভোটারের মধ্যে ২ লাখ ৮২ হাজার ৫৬২ জন ভোটাধিকার প্রয়োগ করেন, যা মোট ভোটারের ৭৬ দশমিক ৫৬ শতাংশ।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকেই নির্বাচনী কেন্দ্রগুলোতে ছিল উৎসবমুখর পরিবেশ। ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি এবং শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট কর্মকর্তারা সন্তোষ প্রকাশ করেন। দিনব্যাপী কোথাও বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
যশোর-৫ (মণিরামপুর) আসনটি ১৭টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত। এ আসনে মোট ১২৮টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৭৪ হাজার ২৫২ জন। মোট ভোটারের মধ্যে পুরুষ ভোটার ছিলেন ১ লাখ ৮৮ হাজার ৪৭৭ জন এবং নারী ভোটার ১ লাখ ৮৫ হাজার ৭৭১ জন।
বেসরকারিভাবে ফলাফল ঘোষণার পর সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাড. গাজী এনামুল হক সকল ভোটার ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণে উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করবেন।
