সাজু আহমেদ: যশোর-৫ (মণিরামপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী রশীদ আহমাদ বলেছেন, সারাদেশে বিএনপির বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্র মোকাবেলায় নেতাকর্মী ও সমর্থকদের সর্বোচ্চ সতর্ক ও সজাগ থাকতে হবে। ভোটের শেষ মুহূর্ত পর্যন্ত যেন কোনোভাবেই জনগণের ভোটাধিকার নষ্ট না হয়, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
বৃহস্পতিবার বিকেলে মণিরামপুরে ধানের শীষ প্রতীকের নির্বাচনী প্রচার মিছিল শুরুর আগে এক সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এরপর যশোর-৫ (মণিরামপুর) আসনে বিএনপি প্রার্থী রশীদ আহমাদের পক্ষে ধানের শীষ প্রতীকের বিশাল নির্বাচনী প্রচারণা মিছিল অনুষ্ঠিত হয়। বিকাল সাড়ে ৪টার দিকে মণিরামপুর বটতলা মোড় থেকে মিছিলটি শুরু হয়। মিছিলে নেতৃত্ব দেন প্রার্থী নিজেই।
এ সময় উপস্থিত ছিলেন মণিরামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু, যশোর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমএ গফুর, উপজেলা বিএনপির সহসভাপতি জিএম মিজানুর রহমান, অ্যাডভোকেট মুজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক, যুগ্ম সম্পাদক শামছুজ্জামান, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ইফতেখার সেলিম অগ্নি, সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেল এবিএম গোলাম মোস্তফা তাঁজ, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর বিশ্বাস, বিএনপি নেতা কামরুজ্জামান শাহিন, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসভাপতি মুতাছিম বিল্লাহসহ কয়েক হাজার নেতাকর্মী ও সমর্থক।
প্রচার মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ধানের শীষের নির্বাচনী প্রধান কার্যালয়ে এসে শেষ হয়। মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা ধানের শীষ প্রতীকের পক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং ভোটারদের কাছে সমর্থন কামনা করেন।



